পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা
মনজুর মোর্শেদ তুহিন, (পটুয়াখালী) প্রতিনিধি:
শীতের আগমনী বার্তার সঙ্গে পটুয়াখালীতে জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা–২০২৬। প্রতিদিন বাড়ছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়, বাড়ছে উদ্যোক্তাদের পণ্য বিক্রি, তৈরি হচ্ছে নতুন ব্যবসায়িক যোগাযোগ। স্থানীয় উদ্যোক্তাদের পাশাপাশি জেলার বাইরের উদ্যোক্তারাও নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নিয়েছেন এ মেলায়। বাহারি পিঠাপুলি, দেশীয় হস্তশিল্প, বাঁশ-বেত, পাট ও মাটির তৈরি সামগ্রীর সমাহারে মুখর হয়ে উঠেছে ডিসি স্কয়ার মাঠ। মেলায় এসে শুধু কেনাকাটাই করছেন না দর্শনার্থীরা, জানছেন পণ্য তৈরির গল্প, খোঁজ নিচ্ছেন ব্যবসার সম্ভাবনা ও উৎপাদন প্রক্রিয়ার। এতে অভিজ্ঞ উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের নতুন স্বপ্ন দেখছেন, আর নতুন উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি হচ্ছে তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে। স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দেশীয় পণ্যের বাজার সৃষ্টি এবং উদ্যোক্তাদের আত্মবিশ্বাস বাড়াতে বিসিকের এ আয়োজন ইতিবাচক সাড়া ফেলেছে।
পটুয়াখালী জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যৌথ আয়োজনে ৫ নভেম্বর থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা–২০২৬। শহরের ডিসি স্কয়ার মাঠে আয়োজিত এ মেলা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে মেলা প্রাঙ্গণ। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন ক্রেতা তৈরি এবং ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মেলার ষষ্ঠ দিনে সরেজমিনে দেখা যায়, মাঠজুড়ে সাজানো হয়েছে বিভিন্ন পণ্যের শতাধিক স্টল। উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। কোনো স্টলে শীতের ঐতিহ্যবাহী বাহারি পিঠা, কোথাও ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত খাবার, আবার কোথাও শোভা পাচ্ছে পাট, বাঁশ, বেত ও হোগলাপাতার তৈরি নান্দনিক সামগ্রী। রয়েছে মাটির তৈরি পণ্য, নকশিকাঁথা, তাঁত ও বিভিন্ন ধরনের হস্তশিল্প। প্রতিদিন বিকেল থেকে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসছেন অনেকে। শিশু-কিশোরদের বিনোদনের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলার অন্যতম আকর্ষণ জেলার বাইরের উদ্যোক্তাদের অংশগ্রহণ। বিসিকের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন এলাকার নিবন্ধিত উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় অংশ নিয়েছেন। তাঁদের অংশগ্রহণে পণ্যের বৈচিত্র্য যেমন বেড়েছে, তেমনি স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যদিকে স্থানীয় ক্রেতারাও এক জায়গায় বিভিন্ন অঞ্চলের পণ্য দেখার ও কেনার সুযোগ পাচ্ছেন।
মেলায় অংশ নেওয়া স্থানীয় উদ্যোক্তা ‘সেহরিস হ্যান্ডিক্যাপ’-এর এক বিক্রেতা জানান, প্রায় এক বছর আগে তাঁদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে এক ডজনের বেশি কর্মী নিয়মিত কাজ করছেন। তাঁদের তৈরি পণ্য বিদেশে রপ্তানি হলেও সরাসরি রপ্তানির ক্ষেত্রে এখনো সুযোগ তৈরি হয়নি। তিনি বলেন, “আমাদের পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে, তবে সরাসরি রপ্তানির সুযোগ এখনো হয়নি। পটুয়াখালী বিসিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। বিসিক প্রয়োজনীয় সহযোগিতা করলে আমরা সরাসরি বিদেশে পণ্য রপ্তানির সুযোগ তৈরি করতে পারব বলে আশা করছি।”
মেলায় অংশ নেওয়া ‘ক্রাফটটোরান’-এর স্বত্বাধিকারী এক নারী উদ্যোক্তা জানান, ২০২৩ সালে সুবিদখালীতে তাঁর নিজস্ব প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানে প্রায় ২০ জন কর্মী কাজ করছেন। ইতিমধ্যে একবার বিদেশে পণ্য রপ্তানিও করেছেন তাঁরা। তিনি বলেন, “নিজস্ব উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। বর্তমানে প্রায় ২০ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। ইতিমধ্যে বিদেশে পণ্য রপ্তানি করেছি। পটুয়াখালী বিসিকের সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি আরও বড় করার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ পাব।”
উদ্যোক্তাদের এমন অভিজ্ঞতা থেকে বোঝা যায়, মেলা শুধু পণ্য বিক্রির জায়গা নয়; বরং ব্যবসা সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং ভবিষ্যৎ বাজার তৈরিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পণ্যের প্রচার, বাজারসংযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।
মেলায় ঘুরতে আসা পটুয়াখালী পৌরসভার সাবেক কমিশনার মো. রাকিব আকন বলেন, “বিসিকের আয়োজন বরাবরই খুব চমৎকার হয়। শীতের শুরুতেই এবার ব্যাপক লোকসমাগম হয়েছে। আগামী বৈশাখে বিসিকের উদ্যোগে এমন মেলার আয়োজন করা হলে এবারের চেয়েও বেশি জমজমাট হবে বলে আশা করি।”
"পটুয়াখালী পিঠা ঘর" নামের নারী উদ্যোক্তা নুরুন্নাহার নিতিয়া বলেন, “আমি বিসিকের একজন নিবন্ধিত উদ্যোক্তা। বিসিকের আয়োজনে প্রায় সব মেলাতেই নিয়মিত অংশগ্রহণ করি। শীতের শুরুতে এবার মেলায় ব্যাপক লোকসমাগম হয়েছে। পহেলা বৈশাখ কিংবা ১৬ ডিসেম্বরের মতো বিশেষ দিবস উপলক্ষে বিসিক মেলার আয়োজন করলে উদ্যোক্তারা আরও বেশি উপকৃত হবেন।”
মেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে দেশীয় ঐতিহ্য ও স্থানীয় কাঁচামালনির্ভর পণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রপ্তানিযোগ্য ও রপ্তানির সম্ভাবনাময় পণ্য, একটি গ্রাম একটি পণ্য কর্মসূচির আওতাভুক্ত পণ্য, জিআই পণ্য, হাতে তৈরি সামগ্রী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব পণ্য এবং পরিবেশবান্ধব পণ্য। পাশাপাশি জামদানি, তাঁত, শীতলপাটি, নকশিকাঁথা, দেশীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প ও ঘরে তৈরি খাবারের প্রতি দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে।
দর্শনার্থী ও উদ্যোক্তাদের নিরাপত্তায় মেলা প্রাঙ্গণ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ, গ্রাম পুলিশ ও স্কাউট সদস্যরা। এতে উদ্যোক্তারা নির্বিঘ্নে পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারছেন এবং স্বস্তিতে মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
পটুয়াখালী বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মো. আলমগীর শিকদার বলেন, “চলমান বিসিক উদ্যোক্তা মেলায় আমরা ব্যাপক সাড়া পেয়েছি। স্থানীয় নিবন্ধিত উদ্যোক্তাদের পাশাপাশি জেলার বাইরের নিবন্ধিত উদ্যোক্তারাও মেলায় অংশগ্রহণ করতে খুবই আগ্রহী। শুরু থেকেই উদ্যোক্তাদের পাশাপাশি জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা পেয়েছি। এবারের মেলার সফলতা বজায় থাকলে এবং উদ্যোক্তারা আগ্রহী থাকলে পহেলা বৈশাখ কিংবা বিশেষ কোনো দিবসে আগামীতে এ ধরনের মেলার আয়োজনের জন্য প্রধান কার্যালয়ে আবেদন করতে পারব।
সংশ্লিষ্টদের মতে, উদ্যোক্তা মেলার সাফল্য শুধু কয়েক দিনের পণ্য বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে স্থানীয় পণ্যের পরিচিতি বাড়ছে, নতুন ক্রেতার সঙ্গে উদ্যোক্তাদের যোগাযোগ তৈরি হচ্ছে এবং নতুন করে ব্যবসা শুরুর আগ্রহ তৈরি হচ্ছে। নিয়মিত এমন আয়োজন করা গেলে পটুয়াখালীর ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে ডিসি স্কয়ারের বিসিক উদ্যোক্তা মেলা এখন স্থানীয় ও বাইরের উদ্যোক্তাদের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির এক আশাব্যঞ্জক মিলনমেলায় পরিণত হয়েছে।