‘হাবিবি’ নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করলেন সিনেটর আবদুল এল-সায়েদ
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার পর ‘হাবিবি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি (প্যাক) গঠন করেছেন আব্দুল এল-সায়েদ।
রাজনৈতিক অ্যাকশন কমিটি বা প্যাক মূলত এমন সংগঠন, যারা রাজনৈতিক প্রার্থী ও ব্যক্তিদের পক্ষে অর্থ সংগ্রহ এবং তা ব্যয় করে থাকে।
শনিবার (৭ নভেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘হাবিবি প্যাক’ এল-সায়েদের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি লিডারশিপ প্যাক। এ ধরনের কমিটি রাজনীতিকদের নিজস্ব নির্বাচনী প্রচার তহবিল থেকে আলাদা।
আরবি ‘হাবিবি’ শব্দের অর্থ ‘আমার প্রিয়’ বা ‘আমার প্রিয়জন’। নির্বাচনী প্রচারণার সময় শব্দটি একাধিকবার ব্যবহার করেছেন এল-সায়েদ। এমনকি নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ‘হাবিবি’ বলে সম্বোধন করেন তিনি।
ওই ভাষণে ভান্সকে উদ্দেশ করে এল-সায়েদ বলেন, ‘জেডি, হাবিবি, বিষয়টি বেশ আনন্দের যে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী জানুয়ারিতে আপনাকেই আমাকে শপথ পড়াতে হবে।’
মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান আব্দুল এল-সায়েদ গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন। নির্বাচনের আগে এল-সায়েদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এমনকি কোনো প্রমাণ ছাড়াই তাকে ‘জিহাদি’ বলেও আখ্যা দেন তারা।
নির্বাচনে জয়ের পর ভান্সকে উদ্দেশ করে দেওয়া বক্তব্যে সেই সমালোচনার প্রসঙ্গই তুলে ধরেন এল-সায়েদ। তার বক্তব্যের ইঙ্গিত ছিল, যিনি নির্বাচনের আগে তাকে নিয়ে এত সমালোচনা করেছেন, এখন সাংবিধানিক নিয়মেই সেই ভান্সকে তাকে শপথ পড়াতে হবে।