ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৭ ২০:৫৭:৪৯
তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আর তিন বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

তিনি বলেছেন, ‘বাংলাদেশ আর তিন বছর পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ করবে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের নাগরিক সেবা ও অবকাঠামোগত সক্ষমতাও বাড়াতে হবে।’  

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে নগরীর তালতলায় সিলেট সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

 

মন্ত্রী বলেন, ‘সিলেটের জনসংখ্যা ও বসতির ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক নাগরিক সেবার চাহিদাও বাড়ছে। এ শহরের বিপুলসংখ্যক মানুষ দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত। বিশেষ করে সিলেট অঞ্চলের লক্ষাধিক মানুষ বিদেশে বসবাস করায় বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সেবা সম্পর্কে তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। তাই সিলেটে আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করা জরুরি।’

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেবার মান বাড়ানোর পাশাপাশি সেবাপ্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে গঠিত কমিটির সভাপতি হিসেবে তিনি এ বিষয়ে কাজ করছেন বলেও জানান।

 

সিলেট সদর ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণকাজ নির্ধারিত ১৫ মাসের মধ্যে শেষ করার তাগিদ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ প্রকল্পের সঙ্গে পুরো জনপদের নিরাপত্তা জড়িত। ফায়ার সার্ভিসের সদস্যরা ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তাদের প্রাণও দিতে হয়। তাদের শ্রম, নিষ্ঠা ও আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।’

 

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং গণপূর্ত অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ওয়াসিফ আহমদ।

 

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ