মামলার তদন্তের কাজে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এসআই প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) আনছার আলীর বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ সুপারের আদেশে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী জানান, গতকাল সোমবার রাতে এসআই আনছার আলী কর্মস্থল ছেড়ে পুলিশ লাইনসে যোগ দিয়েছেন।
অভিযোগের তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গত শনিবার (২৪ অক্টোবর) ভুক্তভোগী তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও জমা দিতে চেয়েছেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে তার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগী তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি মামলার তদন্ত করতে তার বাড়িতে যান আনছার আলী। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তরুণী। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তরুণীর অভিযোগ, তিনি বিয়ের জন্য চাপ দিলে আনছার আলী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ৮ অক্টোবর তিনি বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন।