চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র্যাব সদস্যসহ আটক ৬
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছানকে (৩৬) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) পুলিশ সদর দপ্তর চট্টগ্রাম জেলা পুলিশের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, বুধবার কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে এহছানকে উদ্ধার করা হয়। তাকে বাঁশখালীর পশ্চিম পুইছড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়।
আটক অন্য পাঁচজন হলেন : মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), আব্বাস উদ্দিন (৩১), ছলিম ওরফে সেলিম (৩০) ও দেলোয়ার হোসেন (৪০)। তাদের মধ্যে সাবেক সেনা ও র্যাব সদস্যও রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এহছানকে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অপহরণ করা হয়। এ সময় সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জন র্যাবের পোশাক পরে সেখানে যান। পরে তারা এহছানকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন।
এরপর অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও তার দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করেন। এ সময় তারা এহছানের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) বাঁশখালী থানায় একটি মামলা করা হয়।
পুলিশ জানায়, আটক সুমন মুন্সির বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। অন্যদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায়। আটক ব্যক্তিদের মধ্যে একজন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।