কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি বসতঘর ও পাঁচটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত কাশিপুর গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় অভিযুক্ত রেজাউল ইসলাম ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। গত স্থানীয় নির্বাচনের পর তিনি ও তার সমর্থকেরা এলাকায় ফিরতে শুরু করেন। এ নিয়ে স্থানীয় মখলেছ হোসেনের সঙ্গে রেজাউল ইসলামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। পূর্ববিরোধের জেরে সোমবার রাতে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মঙ্গলবার সকালেও থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় উভয় পক্ষের লোকজন একে অপরকে ধাওয়া করেন। সংঘর্ষের মধ্যে বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগও ওঠে। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মঙ্গলবার দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ ও মারামারির ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।