ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটের অচলাবস্থা নিরসনে কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৯ ১৯:০৪:১১
চুয়েটের অচলাবস্থা নিরসনে কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের চুয়েটের অচলাবস্থা নিরসনে কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে তদন্ত বা পরামর্শক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে।

 

রোববার (১৮ অক্টোবর) ইউজিসির চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে সই করেন বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

 

চিঠিতে চুয়েটের চলমান সংকটের বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

 

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। ফলে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ অধিকাংশ একাডেমিক কার্যক্রম।

 

আন্দোলনের মধ্যেই গত ১২ অক্টোবর সকাল ৯টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন তিনি।

 

এ খবর পেয়ে সকাল সাড়ে ৯টা থেকে উপাচার্য ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই দিন দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছেড়ে চলে যাওয়ার আলটিমেটাম দেন তারা। পরে দুপুর ১২টার পর উপাচার্য ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি ভবনের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারীরা।

 

এতে উপাচার্যসহ ভবনের ভেতরে থাকা ১১ জন আটকা পড়েন। পরদিন উপাচার্য অসুস্থ বোধ করছেন বলে জানান। তাকে পরীক্ষা-নিরীক্ষা করতে সেখানে যান দুই চিকিৎসক। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাদের উদ্ধার করা হয়। পরে উপাচার্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতাল থেকে গত বৃহস্পতিবার ছাড়া পাওয়ার পর গত শুক্রবার নগরের সার্কিট হাউসে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডাকেন উপাচার্য।



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ