ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-১৭ ১৬:২৯:০৩
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের মাধবপুরে এএসআই দেলোয়ার হোসেনকে নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আতাউস সামাদ বাবুর দেওয়া একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। পোস্টে ওই পুলিশ কর্মকর্তার উদ্দেশে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ বলে মন্তব্য করেন আতাউস সামাদ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া পোস্টে আতাউস সামাদ দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য এএসআই দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে তখন তিনি বাড়িতে ছিলেন না। পরে ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেপ্তার হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

 

পোস্টে আতাউস সামাদ আরও লেখেন, দেলোয়ারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম-ঠিকানা তারা রেখে দিচ্ছেন এবং তারা পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। রাজনীতি করতে গিয়ে তিনি কয়েকবার কারাবরণ করেছেন বলেও দাবি করেন। তবে আতাউস সামাদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এএসআই দেলোয়ার হোসেন। তিনি বলেন, মাদকের একটি তদন্তের কাজে তিনি ওই এলাকার পাশে গিয়েছিলেন। সেটিকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে ফেসবুকে এসব কথা লেখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও দায়িত্বের বাইরে ব্যক্তিগতভাবে পুলিশের কিছু করার সুযোগ নেই বলেও জানান তিনি।

 

মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন। দেলোয়ার হোসেন বর্তমানে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন।

 

স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, গণতন্ত্রে বাক্‌স্বাধীনতা থাকলেও কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা ঠিক নয়। পুলিশ তাদের দায়িত্ব পালন করবে এবং রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবেন এটাই প্রত্যাশা।

 

এদিকে আতাউস সামাদ বাবু মাধবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ওই ফেসবুক বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা আলোচনা চলছে।

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ