নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক সাবমেরিন উন্মোচন করেছেন। মস্কোর দাবি অনুযায়ী, এটি দেশটির নৌবহরের প্রথম সাবমেরিন, যাতে শব্দের চেয়ে ৯ গুণ দ্রুতগতির রুশ ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে।


গতকাল শুক্রবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ নামের সাবমেরিনটির পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই আয়োজনের মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বের হাতে গোনা যে কয়েকটি দেশ এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরিতে সক্ষম, রাশিয়া তাদের অন্যতম। তিনি আরও উল্লেখ করেন, এই সাবমেরিনটির বিশ্বজুড়ে প্রভাব বিস্তার ও যেকোনো প্রান্তে পৌঁছানোর সক্ষমতা রয়েছে। গভীর পানির নিচে গোপনে চলাচল করতে পারায় শত্রুপক্ষের রাডারে এগুলো সহজে ধরা পড়ে না, যা রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। ফলে কোনো হামলার শিকার হলে এসব সাবমেরিন থেকে পাল্টা পারমাণবিক আঘাত হানা সম্ভব।


ভ্লাদিমির পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে নৌবাহিনী আরও পাঁচটি সাবমেরিন পাবে। এসব সাবমেরিন বিশ্বের যেকোনো মহাসাগরে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখবে এবং একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।