নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীদের অর্থায়নের খরচ কমাতে নীতি সুদহার (রেপো রেট) ভবিষ্যতে আরও কমানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরও কমানোর চিন্তা করা যেতে পারে বলে মত প্রকাশ করেন তিনি। এর আগে ইতিমধ্যে এ সুদহার ৫০ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথির বক্তব্যে গভর্নর মোস্তাকুর রহমান এসব তথ্য জানান।
মূলত বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যেই ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে গত ৩১ জুলাই নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশে পুনর্নির্ধারণ করা হয়। নীতি সুদহার কমালে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে কম সুদে টাকা ধার নেওয়ার সুযোগ পায়, যা পরোক্ষভাবে গ্রাহক পর্যায়েও ঋণের সুদ কমায়। এটি ব্যবসায় বিনিয়োগ বাড়াতে সহায়ক হলেও বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহের কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে।
অনুষ্ঠানে বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজির সুযোগ বন্ধে স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর বিষয়ে কথা বলেন গভর্নর। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক মুক্তবাজার ব্যবস্থায় বিশ্বাসী। এজন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে যা পুরো লেনদেনপ্রক্রিয়া স্বয়ংক্রিয় করবে। এতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন থাকবে এবং কোনো কারসাজির সুযোগ না রেখে বৈদেশিক মুদ্রার প্রকৃত বাজারদর পাওয়া যাবে। আগামী এক মাসের মধ্যেই এই নিলামপ্রক্রিয়া চালু করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
নতুন চালু হওয়া ‘বার্তা’ প্ল্যাটফর্মটি প্রসঙ্গে মোস্তাকুর রহমান জানান, এটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে এবং চালুর আগে এর কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। তিনি ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ ও রশীদ।





