এম. এম. কায়সার

০, ১, ১৮, ০। দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্টের চার ইনিংসে মুমিনুল হকের ব্যাটিং পরিসংখ্যান এটিÑযা সাকুল্যে ১৯ রান। শুরুটা শূন্য দিয়ে, শেষটাও শূন্যতে। মাঝখানে একবার ১, আরেকবার ১৮।


সংখ্যাগুলো শুধু একজন ব্যাটারের ব্যর্থতা নয়, টেস্ট দলে তার অবস্থান নিয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যে সংস্করণে তার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য থাকার কথা, সেখানেই এখন তিনি দলের বোঝা হয়ে উঠছেন কি নাÑসে আলোচনাই সামনে আসছে।


তার ক্যারিয়ারের শুরুটা ছিল ঝলমলে। এতটাই আলোকবর্তিকার মতো ছিল যে, আবেগের বশে অনেকে তাকে ‘বাংলাদেশের ব্র্যাডম্যান’ ডাকতে শুরু করেছিলেন। যুক্তি ছিল আরো খানিকটা এগোনো, ব্র্যাডম্যানের শুরুর গড় রান এমন ধামাকাদার ছিল না। সেই মুমিনুল এখন কোথায়? ওয়ানডে থেকে জায়গা হারিয়েছেন অনেক আগে। অবশ্য এ ফরম্যাটের জন্য তাকে বিবেচনা না করারও একটা প্রশ্ন থেকে যায়। টি-টোয়েন্টিতে তার জায়গা হয়েছে মাত্র ছয় ম্যাচে। বাকি ছিল টেস্ট। এই ফরম্যাটে তাকে ছাড়া দল এতটাই অকল্পনীয় হয়ে উঠেছিল যে, গায়ে সেঁটে গিয়েছিল টেস্ট বিশেষজ্ঞের তকমা। কিন্তু সে পরিচয়টাও এখন প্রশ্নবিদ্ধ।


৮৪ টেস্ট খেলা মুমিনুলের বিদেশের মাটিতে ব্যাটিং রেকর্ড বরাবরই হতাশাজনক। দক্ষিণ আফ্রিকায় ছয় টেস্টে তার রান মাত্র ১২৪, গড় ১১-এর নিচে। হাফ সেঞ্চুরির একটি ৭৭ রান বাদ দিলে বাকি পাঁচ ইনিংসে তার সংগ্রহ ছিল ৪৭। এবার দুই টেস্টে যোগ মাত্র ১৯। সবশেষ ১৯ টেস্টে কোনো সেঞ্চুরি নেই। দুবছরের বেশি সময় ধরে তিন অঙ্কের দেখা পাননি। ক্যারিয়ারের ১৩ সেঞ্চুরির মধ্যে দেশের বাইরে মাত্র দুটি। সবশেষটি কানপুরে ভারতের বিপক্ষে, তিন বছর আগে। এরপর থেকে রান এবং আত্মবিশ্বাসÑদুটোই যেন হারিয়ে গেছে।


কিন্তু দক্ষিণ আফ্রিকায় তার ব্যর্থতার সবচেয়ে উদ্বেগজনক দিক শুধু রানসংখ্যা নয়, ব্যাটিংয়ের কৌশলগত দুর্বলতা। চার ইনিংসেই একই সমস্যার পুনরাবৃত্তি। পা ঠিকমতো এগোচ্ছে না, শরীর থেকে দূরে চলে যাচ্ছে ব্যাট, বলের লাইন বুঝে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। কখনো খেলতে গিয়ে বিপদ ডেকে আনছেন, কখনো ছেড়ে দেওয়ার মতো বলেও ব্যাট বাড়িয়ে দিচ্ছেন। টেস্ট ক্রিকেটে টিকে থাকার প্রথম শর্তই হলো কোন বল খেলতে হবে আর কোনটি ছেড়ে দিতে হবেÑসেই বিচারবোধ। মুমিনুলের ব্যাটিংয়ে সেটিরই ঘাটতি প্রকট।


ওয়ান্ডারার্সে প্রথম ইনিংসে কাগিসো রাবাদার ফুল লেংথের বল অফ স্টাম্পের বাইরে সামান্য সরে যাচ্ছিল। বলটি ছেড়ে দেওয়ার মতো যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু মুমিনুল ব্যাট বাড়িয়ে দিলেন। কানায় লেগে ক্যাচ গেল রায়ান রিকেলটনের হাতে। দ্বিতীয় ইনিংসে তিন বল খেলেই রাবাদার বলে বোল্ড। দুই ইনিংসে বাংলাদেশের রান তখন যথাক্রমে ২ ও ১২। দলের এমন বিপর্যয়ে অভিজ্ঞ ব্যাটারের কাজ ছিল উইকেটে সময় কাটানো, প্রতিপক্ষের নতুন বলের আক্রমণ সামলানো। কিন্তু তিনি উল্টো ধসের গতি বাড়ালেন।


সেঞ্চুরিয়নেও তার ব্যাটিং দুর্দশার পরিবর্তন হয়নি। প্রথম ইনিংসে ৫১ বলে ১৮ রান। নরকিয়ার একটি বল ইনসাইড এজ হয়ে প্যাডে লাগার পর সতর্ক হওয়ার সুযোগ ছিল। কিন্তু উইয়ান মুল্ডারের অফ স্টাম্পের বেশ বাইরের বলেও ব্যাট বাড়ালেন শরীর থেকে দূরে। সামনের পা বলের লাইনে গেল না। ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত করল লেগ স্টাম্পে। দ্বিতীয় ইনিংসে মুল্ডারের লেগ সাইডে যাওয়া বলে আবারও সিদ্ধান্তহীনতা। খেলবেন, নাকি ছেড়ে দেবেন, তা বুঝে ওঠার আগেই ক্যাচ তুলে দিলেন।


দক্ষিণ আফ্রিকার বোলারদের পরিকল্পনা বুঝতে খুব বেশি ক্রিকেটীয় দূরদর্শিতার প্রয়োজন ছিল না। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ, মাঝেমধ্যে ভেতরে ঢোকানো বল, আর সুযোগ বুঝে লেগ সাইডে ফাঁদ। মুমিনুলের সামনে চ্যালেঞ্জ ছিল সামনের পা বলের লাইনে নেওয়া, মাথা স্থির রাখা এবং সফট হ্যান্ডে খেলা। প্রয়োজনে ব্যাট শরীরের কাছাকাছি রেখে বল মোকাবিলা করা। কিন্তু তিনি প্রতিপক্ষের পরিকল্পনার বিপরীতে কোনো কার্যকর কৌশল দাঁড় করাতে পারেননি। বরং একই ফাঁদে বারবার পা দিয়েছেন।


তিন নম্বরে ব্যাট করা মানে নতুন বলের চ্যালেঞ্জ নেওয়া। প্রথম দুই উইকেট পড়লে ইনিংস সামলানোর দায়িত্বও নিতে হয়। সেঞ্চুরিয়নে মাহফিজুলের সঙ্গে ৩৪ রানের জুটিতে সে সুযোগ এসেছিল। কিন্তু মুমিনুল সেটিকে বড় করতে পারেননি। ৫১ বল খেলে ১৮ রান করার পরও ইনিংসের নিয়ন্ত্রণ নিতে পারেননি। টেস্টে ধৈর্য মানে শুধু বল ঠেকানো নয়, প্রতিপক্ষকে নিজের পরিকল্পনায় খেলতে বাধ্য করা। সে দক্ষতাও এখন তার ব্যাটিংয়ে অনুপস্থিত।


শুরুতে বাংলাদেশের ব্র্যাডম্যান, মাঝখানে টেস্ট অধিনায়ক, এখন টেস্ট বিশেষজ্ঞ পরিচয়টুকুও ধরে রাখার লড়াই। দক্ষিণ আফ্রিকার দুই টেস্টে ০, ১, ১৮, ০। চার ইনিংসের এই স্কোরকার্ডে শুধু রানশূন্যতা নয়, কৌশলগত অসহায়ত্বও স্পষ্ট। সিরিজে ০-২ ব্যবধানে হার, সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের পরাজয়। দলের ব্যর্থতার দায় অবশ্যই সবার। কিন্তু নিজের দায়িত্ব পালনে মুমিনুল যে কতটা পিছিয়ে, সেটা তার চার ইনিংসে ১৯ রানই জানিয়ে দিচ্ছে।


ক্রিকেটে শুধু অতীতের সাফল্য দিয়ে বর্তমানের ব্যর্থতা ঢাকার সুযোগ নেই। নির্বাচকদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নামের পাশে ৮৪ টেস্ট থাকলেই দলে জায়গা নিশ্চিত হতে পারে না। সিনিয়রের তকমা নয় বরং দলে জায়গা পেতে পারফরম্যান্সই শেষ কথা।


দুঃখিত মুমিনুল, দক্ষিণ আফ্রিকায় এই সিরিজেও আপনি আর পারলেন না। প্রশ্ন হচ্ছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে আর কতদিন অপেক্ষা করতে হবে পুরোনো মুমিনুলকে ফিরে পাওয়ার আশায়? দক্ষিণ আফ্রিকার মাটিতে সম্ভবত ক্যারিয়ারের শেষ সিরিজে মুমিনুল যা করলেন, তাতে তিনি নিজেই হয়তো নির্বাচকদের হাতজোড় করে বলবেন, ‘এখানে খেলা হলে আমাকে আর ডাকবেন না।’


১৩ বছর আগে দারুণভাবে টেস্ট ক্যারিয়ার শুরু করা মুমিনুল এখন আর পারছেন না। বিদেশের মাটিতে তো আরো বেশি পারছেন না। দক্ষিণ আফ্রিকায় দুই টেস্টের চার ইনিংসে দুই শূন্য এবং সাকুল্যে ১৯ রানের জোগাড় তো সে সত্যই জানাচ্ছে। এই সত্য উল্টে ফেরার সাধ্য কি মুমিনুলের আছে? এ প্রশ্নের উত্তর একমাত্র মুমিনুলই দিতে পারবেন।


দেশের মাটিতে মুমিনুল


বিদেশের মাটিতে মুমিনুল


দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল