নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের কালশী এলাকায় যাত্রীবেশে উঠে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। এতে বাসটির ১০টি আসন পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পল্লবী থানার কালশী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে বাসের পেছনের দিকে বসে ছিল। একপর্যায়ে তারা বাসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে বাসের জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।
পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান আজ শনিবার বলেন, চলন্ত বাসে আগুন দিয়েছে। ভেতরে যাত্রী ছিল তবে তারা আহত হয়েছে, এমন খবর পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে আজ শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত রাজশাহীতে গ্যারেজে রাখা বাসে আর ঢাকার সাভারে মহাসড়কের পাশে রাখা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বরিশালে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আগুন লাগিয়ে দিতে বলা হচ্ছে। এখানে লুকিয়ে থাকা তাদের নেতা–কর্মীদের ইন্ধন, উসকানি ও আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।






