নিজস্ব প্রতিবেদক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের (এম এ মালেক) দক্ষিণ সুরমার বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলি এলাকায় অবস্থিত তার বাসভবন ‘খাজা মহলে’ এই হামলার ঘটনা ঘটে। দুপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা ব্যক্ত করেন।


হামলার বর্ণনা দিয়ে মোহাম্মদ আব্দুল মালিক জানান, রাত ২টা ৪৫ মিনিট থেকে ৩টার দিকে তিনি ঘুমাতে যান। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে নিরাপত্তাকর্মীরা বাইরে গিয়ে দেখেন, একটি পিকআপে করে আসা দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। বাসভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকলে পুরো বাড়িটি মুহূর্তেই পুড়ে যেত। এই ঘটনায় তার পরিবারে আতঙ্ক ও মানসিক অস্থিরতা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


হামলার নেপথ্যে আওয়ামী লীগ ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংসদ সদস্য বলেন, দক্ষিণ সুরমায় সন্ত্রাসবিরোধী র‍্যালির পর থেকেই এই সন্ত্রাসী চক্রকে উসকানি দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর পরিকল্পনাতেই এসব হচ্ছে। এর আগেও লন্ডনে তার ওপর একাধিকবার হামলা হয়েছে এবং তার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘খোদা না খাস্তা আমি যদি কোনো কারণে মারা যাই বা গুম হই, তবে এর জন্য তারাই দায়ী থাকবে।’


এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, তিনি এমপি হওয়ার পর থেকে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের কেউ যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধৈর্য ধারণ করে চলার কথা জানিয়ে তিনি বলেন, হুমকি-ধামকি দিয়ে তাকে দমানো যাবে না।


পুলিশ জানায়, ভোরের দিকে পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এম এ মালিকের বাসার বাইরে থেকে পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আগুনে তেমন বড় ধরনের ক্ষতি হয়নি এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।