রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ রোববার থেকে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আগামীকাল রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনের ধারাবাহিক এ সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ নিবন্ধিত ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সঙ্গে ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতিসহ এ-সংক্রান্ত বিধিবিধান ও আচরণ বিধিমালা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় করবে ইসি।
সংলাপে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দল হিসেবে পরিচিত জাতীয় পার্টিকে ডাকা হয়েছে। তবে আমন্ত্রণ পায়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক চারটি দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দল। তবে ১৪ দলের অন্য শরিক আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) আমন্ত্রণ পেয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে অনুষ্ঠিত ইসির সংলাপেও ১৪ দলের শরিক ওই চার দলকে আমন্ত্রণ জানানো হয়নি। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও সে সময় ডাক পায়নি।
ইসি জানায়, আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৬০টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসির সংলাপে ৫১টি নিবন্ধিত দল অংশ নেয়। জাতীয় নির্বাচন শেষে নতুন করে নিবন্ধন পাওয়া চারটি দলসহ মোট ৫৫টি দল এবারের সংলাপে অংশ নিতে যাচ্ছে।
কোন দিন কোন দল সংলাপে অংশ নেবে
রোববার প্রথম দিনের সংলাপে ১৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে– বাংলাদেশ জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং গণফোরাম।
দ্বিতীয় দিনের সংলাপে আগামীকাল ১৯টি দল অংশ নেবে। দলগুলো হচ্ছে– বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পাটি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস এবং তৃণমূল বিএনপি।
শেষদিন মঙ্গলবার সংলাপের ডাক পেয়েছে ১৮ দল। দলগুলো হচ্ছে– জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি, আমার বাংলাদেশ পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সম-অধিকার পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এর আগে, গত ১২ অক্টোবর ১৪তম কমিশন সভায় দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ইসি। এবারের ইউপি নির্বাচন হচ্ছে পাঁচ ধাপে। তপশিল ঘোষণা করা না হলেও পাঁচ ধাপের ভোটের তারিখ এবং কোন ধাপে কোন কোন ইউপির নির্বাচন হবে, সে তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে ইসি। আগামী ২১ জানুয়ারি হবে প্রথম ধাপের ভোট। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।






