নিজস্ব প্রতিবেদক

অনলাইন ব্যবসায় নারীদের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত স্বনির্ভরতার মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের অর্থনীতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এসব ব্যবসার বড় একটি অংশ পরিচালিত হয় স্মার্টফোনের মাধ্যমে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে শুরুতেই ল্যাপটপ কেনা, অফিস ভাড়া নেওয়া কিংবা আলাদা কর্মী নিয়োগ করা সম্ভব হয় না। একটি ভালো স্মার্টফোন দিয়েই তারা পণ্যের ছবি ও ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, ক্রেতাদের প্রশ্নের উত্তর, অর্ডার গ্রহণ এবং লেনদেনসহ প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করেন। ফলে স্মার্টফোনের সক্ষমতা সরাসরি তাদের ব্যবসার মান ও আয়ের সুযোগকে প্রভাবিত করে।


স্মার্টফোনের ক্যামেরা ভালো না হলে পণ্যের আকর্ষণীয় ছবি তোলা কঠিন হয়। পর্যাপ্ত মেমোরি ও দ্রুতগতির প্রসেসর না থাকলে ছবি, ভিডিও সংরক্ষণ এবং একাধিক অ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়। ফোনের গতি কম হলে ক্রেতাদের উত্তর দিতে দেরি হয়, এমনকি অর্ডার হারানোর আশঙ্কাও তৈরি হয়। অন্যদিকে, ফোন নষ্ট হয়ে গেলে পুরো ব্যবসাই থমকে যেতে পারে। তাই একজন নারী উদ্যোক্তার কাছে ভালো স্মার্টফোন মানে শুধু উন্নত প্রযুক্তি নয়; এটি ব্যবসার ধারাবাহিকতা, ক্রেতার আস্থা ও আয়ের নিশ্চয়তার সঙ্গেও জড়িত।


তবে এই বাস্তবতার বিপরীতে রয়েছে স্মার্টফোনের উচ্চমূল্য। বর্তমান অর্থনৈতিক চাপের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ সামলে নতুন স্মার্টফোন কেনা অনেক ক্ষুদ্র উদ্যোক্তার জন্য কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে স্মার্টফোনের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপে পড়বেন সীমিত আয়ের মানুষ ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। কারণ তাদের কাছে স্মার্টফোন কেনা নিছক ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং ব্যবসা সচল রাখার প্রয়োজনীয় উপকরণ।


এমন বাস্তবতায় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবৈধভাবে আমদানি করা ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার কমানো, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এনইআইআর একটি জরুরি উদ্যোগ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। তবে এই উদ্যোগের সুফল নিশ্চিত করতে হলে বৈধ স্মার্টফোন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাও সমান গুরুত্বপূর্ণ।


শুধু অবৈধ ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করলেই বৈধ বাজার শক্তিশালী হবে না। বর্তমানে আমদানি করা স্মার্টফোনের ওপর মোট করের বোঝা প্রায় ৬৪.২৫ শতাংশ। এর মধ্যে রয়েছে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি, ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট, ৭.৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর। এই করের চাপের কারণে বৈধ বাজারে স্মার্টফোনের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।


অফিশিয়াল স্মার্টফোনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলে অনেকেই নতুন ফোন কেনা পিছিয়ে দিতে পারেন, পুরোনো ফোন ব্যবহারে আগ্রহী হতে পারেন কিংবা অনানুষ্ঠানিক পথে ফোন সংগ্রহের চেষ্টা করতে পারেন। এতে এনইআইআরের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হয়ে উঠতে পারে। স্মার্টফোনের অতিরিক্ত মূল্যবৃদ্ধি দেশের ডিজিটাল বৈষম্যও আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যেসব নারী স্মার্টফোনকে কাজে লাগিয়ে নিজেদের আয়ের পথ তৈরি করেছেন, তাদের ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে শুধু মোবাইল ফোনের বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করলেই চলবে না, ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতার দিকটিও গুরুত্ব দিতে হবে।


এ ক্ষেত্রে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে স্মার্টফোনের দাম সহজলভ্য করার বিকল্প নেই। বৈধ ও মানসম্মত স্মার্টফোন যেন ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিশ্চিত করা রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণ। কারণ যেসব নারী উদ্যোক্তার ব্যবসা ও আয়ের বড় অংশ একটি স্মার্টফোনের ওপর নির্ভরশীল, তাদের জন্য ফোনের দাম বেড়ে যাওয়া মানে শুধু নতুন ফোন কেনার খরচ বৃদ্ধি নয়; বরং জীবিকা ও ব্যবসা সচল রাখার পথে নতুন বাধা তৈরি হওয়া। তাই এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নারী উদ্যোক্তাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্মার্টফোন সহজলভ্য রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।