নিজস্ব প্রতিবেদক
ভারত-বাংলাদেশ সীমান্তে সন্দেহভাজন গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। দুই দিন পর বুধবার (২৫ নভেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত বিএসএফ সদস্যের নাম কে ভেনু। তার বয়স ৩২ বছর। তিনি আসামের কাছাড় জেলার কাটিগড়ার হরিনগর সীমান্ত চৌকিতে কর্মরত ছিলেন।
বিএসএফের মিজোরাম ও কাছাড় সীমান্ত শাখার এক কর্মকর্তা জানান, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শ্রীভূমি জেলার স্টিমারঘাট এলাকায় কুশিয়ারা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোমবার নিখোঁজ হওয়ার পর থেকে তার সন্ধানে অভিযান চলছিল।
বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে হরিনগর সীমান্ত চৌকির কাছে চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু চোরাকারবারির চলাচলের তথ্য পায় বাহিনী। তাদের আটক করতে অভিযানে যান বিএসএফের কোম্পানি কমান্ডার। তার সঙ্গে ছিলেন হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনু।






