নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ১২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। এদিকে, আন্দোলনকারীদের একজন অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


গত ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কর্মসূচির ১১ দিন পূর্ণ হয়ে ১২তম দিনে গড়ায়। দাবি আদায়ে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ না আসায় আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।


রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, ‘হয়তো আমরা একজন মারা গেলে তারপর প্রশাসনের ঘুম ভাঙবে। আমাদের সহযোদ্ধা জিহাদ অনেক বেশি অসুস্থ, সে এখন রাজশাহী মেডিক্যালে আছে। একটি যৌক্তিক দাবি আদায়ে আজ ১২ দিন ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছি আমরা, রাতও এখানেই কাটাচ্ছি। জানি না এর শেষ কোথায়। এখান থেকেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছি। যত বাধাই আসুক, দাবি আদায় না করে উঠব না, ইনশাআল্লাহ।’


অবস্থানরত আরেক শিক্ষার্থী মো. ওমর ফারুক বলেন, ‘আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও আমরা এখান থেকে যাইনি। ১২ দিন ধরে এখানে অবস্থান করছি, অথচ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’


আন্দোলনের প্রথম দিন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম জানিয়েছিলেন, রাকসুর সদস্যরা বিভিন্ন কাজে প্রায় সোয়া কোটি টাকা ব্যয় করেছেন, যার হিসাব এখনো পাওয়া যায়নি। হিসাবের সমন্বয় ও অডিট সম্পন্ন হওয়ার পর এবং ভর্তি পরীক্ষা শেষ হলে রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে। এ সময় তিনি রাকসু নির্বাচনের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথাও জানান।


এ বিষয়ে রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আজ আমাদের অবস্থান কর্মসূচির ১২তম দিন চলছে। আজ জিহাদ অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমাদের দাবি খুব স্পষ্ট। উপাচার্য ১১ দিন আগে গণমাধ্যমে অডিটের কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত অডিট কমিটি গঠন করা হয়নি। অডিট কমিটি গঠন করে কার্যক্রম শুরু করলে হয়তো ছয়-সাত দিন লাগবে। অডিট কমিটির প্রতিবেদন পাওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, আমরা এটাই চাই। নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।’


এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘পরশুদিন অডিট কমিটি গঠন করা হয়েছে। তবে এটি এখনো প্রকাশ করা হয়নি। আমি ঢাকায় আছি। আগামীকাল সন্ধ্যায় অডিট কমিটি প্রকাশ করা হবে।’


উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর গত বছরের ১৬ অক্টোবর রাকসু, সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা ২৬ অক্টোবর শপথ নেন। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত সংসদের এক বছর মেয়াদ থাকায় গত ২৬ অক্টোবর (২০২৬) বর্তমান রাকসু ও হল সংসদের মেয়াদ শেষ হয়। তবে মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় নতুন নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।