রাজশাহী ব্যুরো
রাজশাহীতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী কলেজ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের শিক্ষক, কৃষিবিদ, নদী গবেষক, নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। তারা পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রয়োজনীয়তা, সম্ভাব্য সুফল, কারিগরি দিক এবং এ অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় এ ব্যারেজের গুরুত্ব তুলে ধরেন।
পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সেমিনারে নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, রাজবাড়ীর পাংশায় প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সাথে বরেন্দ্র অঞ্চলের খরা ও পানিসঙ্কট মোকাবেলা, কৃষি সেচে সম্প্রসারণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং মৃতপ্রায় নদীগুলো পুনরুজ্জীবনের পথও সুগম হতে পারে।
বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
মূল প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার ও মেগা প্রতিশ্রুতি। সরকার গঠনের পর রাজবাড়ীর পাংশায় প্রকল্পটির প্রথম পর্যায়ের অনুমোদনের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। পরিকল্পনা কমিশনের তথ্যের বরাত দিয়ে এতে বলা হয়, পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণের লক্ষ্যের সঙ্গে প্রকল্পটির সামঞ্জস্য রয়েছে।
প্রবন্ধে পদ্মা নদীর ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলা হয়, দেশের কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও সংস্কৃতির সঙ্গে নদীটির নিবিড় সম্পর্ক রয়েছে। তবে, দীর্ঘদিন ধরে পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় নদীনির্ভর বিস্তীর্ণ অঞ্চলের কৃষি ও পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে বলে প্রবন্ধে দাবি করা হয়। ফারাক্কার প্রভাবে পানিপ্রবাহ হ্রাসের বিষয়টি তুলে ধরে এতে বলা হয়, দেশের এক-তৃতীয়াংশ এলাকা মরুকরণ প্রক্রিয়ার ঝুঁকিতে রয়েছে। গড়াই, বড়াল ও মধুমতির মতো শাখা নদীগুলোর পানিপ্রবাহও সংকুচিত হচ্ছে।
মূল প্রবন্ধে বলা হয়, রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মিত হলে পদ্মার মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে ব্যবহার করা গেলে, রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের দীর্ঘদিনের খরা ও পানিসংকট মোকাবিলায় তা সহায়ক হবে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো এবং পানির স্তর স্বাভাবিক রাখার ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
পদ্মা ব্যারেজের সাথে উত্তর-রাজশাহী সেচ প্রকল্পের সমন্বয়ের বিষয়টিও মূল প্রবন্ধে বিশেষ গুরুত্ব পায়। এতে বলা হয়, ব্যারেজ নির্মাণের পর পদ্মার পানি কাজে লাগিয়ে রাজশাহীর গোদাগাড়ী পয়েন্টে ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া যেতে পারে। এর মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ বিস্তীর্ণ কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এ জন্য মূল খাল, শাখা খাল ও উপখালের সমন্বয়ে কার্যকর সেচ নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করা হয়।
সমীক্ষার তথ্য তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, পদ্মা ব্যারেজ চালু হলে জাতীয় জিডিপিতে সরাসরি শূন্য দশমিক চার পাঁচ শতাংশ অবদান রাখার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, প্রতিবছর প্রায় আট হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে। কৃষি উৎপাদন বৃদ্ধি, পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশের অর্থনীতিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে উল্লেখ করা হয়।
সেমিনারে প্রকল্পটি বাস্তবায়নে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে পদ্মা ব্যারেজ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা, প্রথম পর্যায়ের কাজ শুরুর সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং সম্ভাব্যতা সমীক্ষায় সুপারিশ করা; সব অঙ্গের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করা। এ ছাড়া ব্যারেজ নির্মাণের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের বিশেষ প্রয়োজন বিবেচনায় উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
বরেন্দ্র অঞ্চলের পানিসংকট মোকাবিলায় ব্যক্তিমালিকানাধীন পুকুর, জলাশয় ও দিঘি প্রয়োজনে সরকারিভাবে অধিগ্রহণ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা এবং উচ্চ পানিসংকটাপন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের প্রস্তাবও দেওয়া হয়।
সেমিনারে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগম।
এ ছাড়া বক্তব্য দেন বিএমডিএর প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন ও অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা প্রমুখ।
আলোচকরা বলেন, পদ্মা ব্যারেজের সম্ভাব্য সুফল পেতে হলে এর সঙ্গে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি সেচের সম্প্রসারণ এবং নদী পুনরুদ্ধারের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে বরেন্দ্রভূমির কৃষি ও পরিবেশ রক্ষায় উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি বড়াল, বারনই ও হজাসহ মৃতপ্রায় নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে টেকসইভাবে পুনরুজ্জীবিত করা জরুরি। তাঁদের মতে, পদ্মা ব্যারেজ, সমন্বিত সেচ ব্যবস্থা ও নদী পুনরুদ্ধারের উদ্যোগ সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।






