জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার দুপুরে পুলিশের প্রায় ৩০ সদস্যের একটি দল শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লায় তার বাসভবনে অভিযান চালায়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বাধা দিলে পুলিশকে ফিরে আসতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল মিরুকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ এবং বিভিন্ন স্লোগান দিয়ে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আরো বাড়তে থাকলে পুলিশ মিরুকে গ্রেপ্তার না করেই ফিরে যায়। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে পুলিশ বলছে, পুলিশের গাড়ি মিরুর বাড়ি পর্যন্ত যাওয়ার মতো অবস্থা ছিল না; অনেকখানি পথ পায়ে হেঁটে যেতে হয়েছে। এই সুযোগে হয়তো তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন।
পরে রাতভর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন—শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লার আবুল প্রামাণিকের ছেলে রাকিব, নারায়ণদহ গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম, নলুয়া দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ ফরমান প্রামাণিকের ছেলে জেলহাস প্রামাণিক আতিক এবং নলুয়া মধ্যপাড়া মহল্লার আব্দুল হান্নান প্রামাণিকের ছেলে সোহেল রানা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘হালিমুল হক মিরু বাড়িতে অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশকে অবরুদ্ধ করেছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদের কারাগারে পাঠিয়ে দিয়েছেন।’
উল্লেখ্য, হালিমুল হক মিরু জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এই হত্যা মামলার প্রধান আসামি সাবেক মেয়র হালিমুল হক মিরু। দীর্ঘদিন তিনি কারাগারে আটক ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মিরুকে পৌর মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে।






