নিজস্ব প্রতিবেদক
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২৭০টি আসন বেড়েছে। এ নিয়ে মোট আসন বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। শুধু আসনই নয়, বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যাও।
সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এই শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন বেড়েছে ২৭০টি। মোট আসন বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টিতে। আসনের সঙ্গে বেড়েছে মেডিকেল কলেজের সংখ্যাও। এ বছরই অনুমোদন পাওয়া নরসিংদী, ঠাকুরগাঁও এবং সরকারি কর্মচারী মেডিকেল কলেজও আছে শিক্ষার্থী ভর্তির এই তালিকায়।
চলতি বছরের ১৩ মে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় সরকার। এটি ছিল দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ। একমাস পর ১৪ জুন ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের নির্বাচনী এলাকায় অনুমোদন পায় নরসিংদী মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের এক কিলোমিটারের দূরত্বে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চালুর অনুমোদন দেওয়া হয় ৯ নভেম্বর ২০২৬। তিনটি প্রতিষ্ঠানের কোনোটিরই অবকাঠামোই নির্মাণ করা হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস কোর্সে দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসনসংখ্যা ৫ হাজার ২৭০টি। বিডিএস কোর্সে ঢাকা ডেন্টাল কলেজসহ অন্যান্য ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে মোট আসনসংখ্যা ৫৪৫টি।
বিজ্ঞপ্তিতে নতুন তিনটি মেডিকেল কলেজে ৫০টি করে এমবিবিএস কোর্সের আসন নির্ধারণ করা আছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, রংপুর, স্যার সলিমুল্লাহ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএসের ২৫০টি করে আসন রয়েছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আসন রয়েছে ২২০টি।
২০০টি করে আসন রয়েছে কুমিল্লা, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজে। ১২৫টি করে আসন রয়েছে গোপালগঞ্জ, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ, মানিকগঞ্জ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে।
১০০টি করে আসন থাকা মেডিকেলগুলো হলো কক্সবাজার, নোয়াখালী, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, জামালপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ ও মুগদা মেডিকেলে।
৭৫টি করে আসন রয়েছে রাঙামাটি, নীলফামারী ও সুনামগঞ্জ মেডিকেল কলেজে। ৫০টি করে আসন রয়েছে হবিগঞ্জ, চাঁদপুর, মাগুরা, নওগাঁ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, নরসিংদী এবং সরকারি কর্মচারী মেডিকেলে।
বিডিএস কোর্সে ক্ষেত্রে ঢাকা ডেন্টাল কলেজে ১১০ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৬০টি আসন রয়েছে। এ ছাড়া রাজশাহী মেডিকেল ডেন্টাল ইউনিটে ৫৯, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫৬ এবং সিলেট এমএজি ওসমানী, ময়মনসিংহ, রংপুর, বরিশাল শের-ই-বাংলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫২টি করে আসন রয়েছে।
ভর্তি নীতিমালায় বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তিতে একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়
লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০টি প্রশ্নে। প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন ১৫। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোন শিক্ষার্থী দেশে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তির জন্য বিবেচিত হবেন না। পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিট হবে।
কীভাবে নির্ধারণ হবে
এসএসসি-‘ও’ লেভেল-সমমান ও এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ১০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবে। এসএসসি, ‘ও’ লেভেল, সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ৮ গুণ= ৪০ নম্বর, এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১২ গুণ= ৬০ নম্বর সর্বোচ্চ। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং অনুচ্ছেদ ৬-এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি-‘ও’ লেভেল-সমমান এবং এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষার জিপিএভিত্তিক প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করা হবে।
পূর্ববর্তী বছরের (২০২৫ সালে) এইচএসসি-‘এ’ লেভেল-সমমান পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর এবং পূর্ববর্তী বছরের (২০২৫-২৬ শিক্ষাবর্ষে) সরকারি মেডিকেল কলেজ-ডেন্টাল কলেজ-মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফরম ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণে যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। MBBS BDS ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি, ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লি: এর ওয়েবসাইট হতে জানা যাবে। ভর্তি পরীক্ষা কার্যক্রম।
অনলাইনে আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ: ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করার তারিখ: ১৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা: ১৮ ডিসেম্বর ২০২৬ম সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত
*এমবিবিএস/বিডিএস কোর্সে আস দেখুন এখানে



