ওয়াসিম সোহাগ, তাড়াইল (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মাঠে শুরু হয়েছে নতুন মেরূকরণ। আসনটি পুনরুদ্ধারে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয় হলেও জামায়াতে ইসলামীর একক প্রার্থী কর্নেল (অব.) ডা. জেহাদ খানকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। ফলে সম্ভাব্য উপনির্বাচনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
নিয়মানুযায়ী শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী ড. ওসমান ফারুক ধানের শীষ প্রতীকে এক লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) ডা. জেহাদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পান এক লাখ দুই হাজার ৪৭৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ৯,৯৯০।
আগের নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হওয়ায় উপনির্বাচনে তাকে ঘিরে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা আরো বেড়েছে।
অন্যদিকে আসনটি পুনরুদ্ধারে বিএনপির একাধিক পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চারজন হলেনÑগোলাম মুহাম্মদ গাউস, জাহাঙ্গীর আলম মোল্লা, সাইফুল ইসলাম, সারওয়ার হোসেন লিটন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলোচিত চার নেতার মধ্যে তিনজনই করিমগঞ্জ উপজেলার।
সবশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোটার চার লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় দুই লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় এক লাখ ২১ হাজার ৬০৬ ভোটার রয়েছেন।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা প্রচার, গণসংযোগ, মিছিল ও সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।
সব মিলিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক হিসাব-নিকাশ ক্রমেই জটিল হয়ে উঠছে। বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর মধ্যে শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পান, সেটিও নির্বাচনি রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর একক প্রার্থী ডা. জেহাদ খানকে ঘিরে দলটির নির্বাচনি প্রস্তুতিও আলোচনায় রয়েছে।





