নিজস্ব প্রতিবেদক
শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে ও বিদেশে যেখানেই যাই, আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে নানা কথা শুনতে হয়। তিনি জানান, জাপান বা কোরিয়ার মতো দেশে গেলেও এনবিআর সংক্রান্ত বিষয়গুলো বারবার সামনে চলে আসে।
অনুষ্ঠানে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, এনবিআরসহ সব বিষয়ে পারস্পরিক আলোচনা প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। সংস্কারের ক্ষেত্রে সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের স্বার্থে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হলেও তা গ্রহণ করা রাজনৈতিক সরকারের কর্তব্য।
বিমা খাতের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতের চেয়েও বিমা খাতের অবস্থা খারাপ। অনেক বিমা কোম্পানি দাবি পরিশোধ না করে সেই অর্থ ব্যক্তিগত সম্পত্তি কেনা বা বিভিন্ন খাতে অপব্যবহার করছে। তিনি উল্লেখ করেন, বিমা খাতে হাত দিতে গিয়ে দেখা গেছে সেখানে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ রয়েছে।
ব্যবসার খরচ কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে তথ্যব্যবস্থায় আন্তসংযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। পুঁজিবাজারের স্বচ্ছতা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে আন্তসংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থা চালু হলে ব্রোকারদের কারসাজি ও গোপন লেনদেনের সুযোগ বন্ধ হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরেও একই ধরনের প্রযুক্তিগত ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।





