মাইমুনা খান
একটি নদীর জন্ম হয় এক দেশে, প্রবাহিত হয় একাধিক দেশের মধ্য দিয়ে; অথচ সেই নদীর পানির ওপর নির্ভর করে বেঁচে থাকে ভিন্ন ভিন্ন দেশের কোটি মানুষের জীবন। নদী কোনো রাজনৈতিক সীমান্ত চেনে না। কিন্তু নদীর পানি ব্যবহার ও বণ্টনের ক্ষেত্রে সামনে আসে রাষ্ট্রীয় সীমানা, জাতীয় স্বার্থ, কূটনীতি এবং অধিকার আদায়ের প্রশ্ন। বিশেষ করে ভাটির দেশ হিসেবে বাংলাদেশের জন্য আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা শুধু পরিবেশগত বিষয় নয়; এটি কৃষি, অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত।
এই বাস্তবতাকে সামনে রেখে ইডেন মহিলা কলেজে আয়োজন করা হয় ‘Transboundary Water Facts’ শীর্ষক একটি পাঠচক্র। পাঠচক্রটির আয়োজন করেন কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মাইমুনা খান। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনায় উঠে আসে বিশ্বের আন্তঃসীমান্ত নদী ও পানিসম্পদের চিত্র, বাংলাদেশের অভিন্ন নদীগুলোর গুরুত্ব, পানিবণ্টন চুক্তি, আকস্মিক বন্যা এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা।
জাতিসংঘের পানিবিষয়ক সংস্থা UN-Water-এর তথ্য অনুযায়ী, বিশ্বের ১৫৩টি দেশ আন্তঃসীমান্ত নদী, হ্রদ কিংবা ভূগর্ভস্থ পানিসম্পদের ওপর নির্ভরশীল। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, বিশ্বে ৩১৩টি আন্তঃসীমান্ত নদী ও হ্রদ এবং ৪৬৮টি আন্তঃসীমান্ত ভূগর্ভস্থ পানির উৎস চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, পানির প্রবাহ কোনো একটি দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি দেশের উজানে নেওয়া সিদ্ধান্ত ভাটির দেশের মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে। নীল নদ, আমাজন, মেকং, দানিয়ুব ও সিন্ধু নদ তার উল্লেখযোগ্য উদাহরণ। এসব নদীকে ঘিরে কোথাও সহযোগিতার চুক্তি গড়ে উঠেছে, কোথাও আবার পানির ব্যবহার ও বণ্টন নিয়ে তৈরি হয়েছে দীর্ঘদিনের মতপার্থক্য।
বাংলাদেশের প্রেক্ষাপট আরো গুরুত্বপূর্ণ। সরকারি তথ্য অনুযায়ী, দেশে ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি ভারতের সঙ্গে এবং তিনটি মিয়ানমারের সঙ্গে অভিন্ন। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীব্যবস্থা বাংলাদেশের পানিপ্রবাহের অন্যতম প্রধান উৎস। ফলে উজানের পানিপ্রবাহ, শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা এবং বর্ষায় অতিরিক্ত পানির প্রবাহ—সবকিছুই বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তি। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। ফলে চুক্তিটির ভবিষ্যৎ, নবায়ন কিংবা নতুন সমঝোতার বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, পানিপ্রবাহের নিশ্চয়তা এবং বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে সৃষ্ট দুর্ভোগ মোকাবিলার বিষয়গুলোও আলোচনায় প্রাসঙ্গিক হয়ে ওঠে।
তবে রাষ্ট্রীয় বাস্তবতা বিবেচনার পাশাপাশি নিজের দেশের মানুষের অধিকার ও প্রয়োজনকে যথাযথভাবে তুলে ধরাও গুরুত্বপূর্ণ। আলোচনায় এ বিষয়টিও সামনে আসে যে, নদীভাঙন, বন্যা কিংবা পানির সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষ অনেক সময় নিজেদের পানিসংক্রান্ত অধিকার ও চুক্তিগুলো সম্পর্কে পর্যাপ্তভাবে জানেন না। কোন নদীর পানি নিয়ে কী চুক্তি রয়েছে, সেই চুক্তিতে কী বলা হয়েছে, এর বাস্তবায়ন কীভাবে হচ্ছে—এসব বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে না দিয়ে নাগরিক হিসেবেও তথ্য জানা, প্রশ্ন তোলা এবং নিজেদের ন্যায্য দাবি সম্পর্কে সচেতন থাকা জরুরি।
এখানে একটি বিষয় স্পষ্ট, পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা মানেই কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। বরং অভিন্ন নদীর ক্ষেত্রে উভয় দেশের মানুষের প্রয়োজন, পরিবেশগত ভারসাম্য এবং দীর্ঘমেয়াদি স্বার্থ বিবেচনা করে ন্যায্য ও কার্যকর সমাধান খুঁজে বের করাই হওয়া উচিত লক্ষ্য। বাংলাদেশ যেমন তার জনগণের পানির অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইবে, তেমনি প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বাস্তবতা ও প্রয়োজনও আলোচনার অংশ হবে। তবে পারস্পরিক সহযোগিতার অর্থ এই নয় যে, কোনো দেশের জনগণের ন্যায্য অধিকার উপেক্ষিত থাকবে।
পানির প্রশ্নে কেবল দ্বিপক্ষীয় আলোচনাই নয়, আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাও গুরুত্বপূর্ণ। আন্তঃসীমান্ত নদীর তথ্য বিনিময়, যৌথ গবেষণা, বন্যার পূর্বাভাস, নদীর প্রবাহ পর্যবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং ন্যায্য পানিবণ্টনে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও প্রয়োজনকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সব মিলিয়ে ‘Transboundary Water Facts’ পাঠচক্রটি কেবল নদী ও পানিসম্পদ নিয়ে তথ্য জানার আয়োজন ছিল না; বরং নিজের অধিকার, রাষ্ট্রের দায়িত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে ভাবনার একটি পরিসর তৈরি করেছে। নদীকে শুধু মানচিত্রের একটি জলরেখা হিসেবে দেখলে তার প্রকৃত গুরুত্ব বোঝা সম্ভব নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ফসল, জেলের জীবিকা, নদীপাড়ের মানুষের বসতি, একটি অঞ্চলের অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা।
আমাদের প্রত্যাশা—বাংলাদেশ তার জনগণের ন্যায্য পানির অধিকার নিশ্চিত করতে কার্যকর ও দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করতে পারবে। একই সঙ্গে নাগরিকদের মধ্যেও বাড়বে পানিসম্পদ ও অধিকারবিষয়ক সচেতনতা। প্রয়োজন হলে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ও বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতাও কামনা করা যেতে পারে।






