জেলা প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের কোতোয়ালি থানা-পুলিশের ব্যারাক ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাক পর্যন্ত না পৌঁছে ব্যারাকসংলগ্ন পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। শুক্রবার রাত ১০টার দিকে কোতোয়ালি থানার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক দোতলা ব্যারাক ভবন-২ লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেলটি নিক্ষেপ করে। তবে সেটি পার্শ্ববর্তী ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।






