মেডিক্যাল প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ছক্কু মিয়া (৫৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরের দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছক্কু মিয়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার মরহুম ইসমাইল হোসেনের ছেলে
কারারক্ষী মোহাম্মদ জনি জানান, কেন্দ্রীয় কারাগারে ছক্কু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ছক্কু মিয়া কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নম্বর ২৭৮৪৯/২৬। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারারক্ষী জনি কিছু বলতে পারেননি তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






