ফোনালাপ ফাঁসের পর প্রত্যাহার, দায়িত্ব ছাড়েননি দাগনভূঞা থানার ওসি

ফয়জুল আজিম নোমান


ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার তিন দিন পরও তিনি দায়িত্ব হস্তান্তর করেননি। থানা ছাড়েননি, আবার জেলা পুলিশ লাইন্সেও সংযুক্ত হননি।


কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁসের ঘটনার পর গত বুধবার বিকেলে নোমানকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে শুক্রবার পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেননি।


এর আগে গত ১০ আগস্ট আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ড না করার অভিযোগে ওসি নোমানকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহানের একটি অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে আদালত নির্দেশ দিয়েছিলেন।


একই ঘটনায় অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন আদালত। বিচারক নোমানকে দায়িত্ব পালনের অযোগ্য বলেও মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে পুলিশ তদন্ত কমিটি গঠন করা হলেও সেই তদন্তের প্রতিবেদন প্রকাশ্যে আসেনি। ওই সময় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়নি।


এ বিষয়ে সদ্য প্রত্যাহার হওয়া ওসি ফয়জুল আজিম নোমান বলেন, ‘দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও নিজের জিনিসপত্র গোছাতে একটু সময় লেগেছে। বিভাগীয় সিদ্ধান্ত অমান্য করার কোনো সুযোগ নেই।’


দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ফেরদৌসি আক্তার বলেন, ‘এখনো দায়িত্ব বুঝে পাইনি।’


ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব বুঝিয়ে দিতে কিছুটা বিলম্ব হয়েছে। শুক্রবারের মধ্যে নোমান দাগনভূঞা থানা থেকে বিদায় নিয়ে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হবেন। এখানে গড়িমসি করার সুযোগ নেই। নোমানের স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে ওসি পদে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত ওসি (তদন্ত) দায়িত্ব পালন করবেন।