জনস্বাস্থ্য ও চিকিৎসা কাঠামো

মুশতাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ


| প্রিন্ট সংস্করণ


আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো, এটা কেউ বলবেন না। কিন্তু এ অবস্থার পরিবর্তন কীভাবে হবে এর জবাব কী? সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কী মনে করেন তা আমি জানি না। তবে মন্ত্রী মহোদয়ের কাজকর্ম দেখলে মনে হয়, বড় বড় হাসপাতালে ডাক্তাররা যদি ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, খাবারে ডালে সঠিক পরিমাণে লবণ দেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ডিউটির সময় তাঁর রুমে ঠায় বসে থাকেন, তাহলেই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কোনো কোনো জনপ্রতিনিধি এটাও মনে করেন যে তাঁর নির্বাচনী এলাকাতে যদি একটি মেডিকেল কলেজ হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আসলে কি তাই?


একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে কিনা, তা মাপার মাত্রা কি মেডিকেল কলেজের সংখ্যা, আইসিইউর সংখ্যা কিংবা হাসপাতালের বেডে রোগী ভর্তির সংখ্যা, অপারেশনের সংখ্যা? নাকি দেশের মানুষ সুস্থ আছে কিনা, সন্তান জন্ম দিতে গিয়ে মায়েদের মৃত্যুর সংখ্যা কমাতে পারলাম কিনা, দেশের মানুষের ডায়াবেটিস-উচ্চ রক্তচাপ-ক্যান্সার-কিডনি ডায়ালাইসিস কমল কিনা, বাচ্চারা পুষ্ট হয়ে বড় হচ্ছে কিনা, ডেঙ্গু-হামের মতো মহামারি মোকাবিলা করতে সক্ষমতা আছে কিনা, সেগুলো বিবেচনা করে? একটি দেশের চিকিৎসার সক্ষমতা ও তার মান অবশ্যই সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু তা একমাত্র উপাদান নয়। শরীর ঠিক রাখতে হলে শুধু হৃদযন্ত্রের চিকিৎসা করলে চলে না, ডায়াবেটিস যেন না হয় বা নিয়ন্ত্রণে রাখতে হয়, রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হয়, মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হয়, কিডনি যেন সুস্থ থাকে ও আনুষঙ্গিক অনেক বিষয়ে স্বাস্থ্যবিধি মানতে হয়, তেমনি দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো রাখতে হলে দেশের চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক, সহজলভ্য, সর্বজনীন করার পাশাপাশি রোগ যেন প্রতিরোধ করা যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়, স্বাস্থ্য ভালো রাখার জন্য পরিবেশ দূষণ বন্ধ করা, তরুণ বয়স থেকেই স্বাস্থ্যকর জীবনাচরণ মেনে চলার জন্য অনুকূল পরিবেশ তৈরি করাসহ নানা ব্যবস্থা নিতে হয়। এখানেই শেষ নয়। রোগ থেকে সেরে ওঠার পরে যেন মানুষ তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তার জন্য পুনর্বাসনমূলক স্বাস্থ্যসেবা থাকতে হবে, যেমন পা ভেঙে যাওয়ার পরে জোড়া লাগানোর পরে চলাচলের উপযোগী হওয়া পর্যন্ত ব্যায়াম/ফিজিওথেরাপি করা। আবার ক্যান্সারের মতো অনিরাময়যোগ্য রোগী যতদিন বেঁচে থাকবেন ততদিন তার কষ্ট কমানোর জন্য উপশমমূলক চিকিৎসা করা। এক কথায় গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভালো রাখতে হলে এর পাঁচটি উপাদানের সব কটিকে গুরুত্ব দিয়ে শক্তিশালী করতে হবে–রোগ প্রতিরোধ, স্বাস্থ্য উন্নয়ন, চিকিৎসা, পুনর্বাসন ও উপশম।


এর মধ্যে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়ন জনস্বাস্থ্য ব্যবস্থার অন্তর্ভুক্ত। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে জোর দিতে হবে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে। আর জোর দিতে হবে অসুস্থতা যেন দ্রুত শনাক্ত হয়। সে জন্য প্রয়োজন জনগণের বাড়ির কাছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক থাকলেও শহরে এ রকম কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই। ঢাকা মহানগরীতে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নেই। আছে ডিসপেনসারি নামে প্রেসক্রিপশন নেওয়ার আউটডোর, এনজিওদের কিছু মাতৃ-শিশু স্বাস্থ্যকেন্দ্র। জনস্বাস্থ্যভিত্তিক উল্লেখযোগ্য যে ব্যবস্থা রয়েছে তা হলো টিকাদান কর্মসূচি। এটাকে ভিত্তি ধরে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য তথ্য ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হাজার হাজার স্বাস্থ্যকর্মী প্রয়োজন। তারা শহর ও গ্রামে কমিউনিটি ক্লিনিক (নতুন নাম প্রস্তাব করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র)-কে কেন্দ্র করে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা দেবে। ২০২৫ সালে প্রণীত স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে এরা কী কাজ করবে তার তালিকা দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যদি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে যায়, তাহলে মাধ্যমিক (সেকেন্ডোরি) হাসপাতালগুলো রোগীদের আরও আকৃষ্ট করবে। এগুলো এখন প্রায় খালি থাকে, যেমন–নগর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর সর্বোচ্চ (মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও ইনিস্টিটিউট) পর্যায়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যসেবা নিতে ইচ্ছুক রোগীদের ভিড় কমে যাবে। জটিল রোগীদের চিকিৎসা আরও স্বচ্ছন্দে দেওয়া যাবে। হাম ও ডেঙ্গুর মতো জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে রোগী শনাক্ত বেড়ে যাবে, তারা সতর্ক থাকবেন। এর ফলে রোগী অনুপাতে মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে।


বাংলাদেশে এ মুহূর্তে হাম ও ডেঙ্গু জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে এই দুই রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। হাম ও ডেঙ্গু দুটোই প্রতিরোধযোগ্য রোগ। হাম মানুষ থেকে মানুষে ছড়ায়, আর ডেঙ্গু এডিস মশার দংশনের মাধ্যমে মানুষে ছড়ায়। উভয় ক্ষেত্রেই প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণই বর্তমান ব্যবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে। সেটা টেকসই সমাধানেরও পথ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ভিত্তি ধরে পরিবেশগত স্বাস্থ্য উন্নয়ন, বিশেষ করে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের কাজে সম্পৃক্ত করা যাবে। টিকাদানে স্বেচ্ছাসেবকদের, প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কাজের প্রশংসনীয় অবদানের উদাহরণ রয়েছে। স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে এডিস মশা নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নিলে ডেঙ্গুর মতো বাংলাদেশের বড় বড় জনস্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রণও সহজ হবে।


গোটা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তাই গোটা দেশে একসঙ্গে জনগণকে সম্পৃক্ত করে বছরব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। হাজার হাজার স্বেচ্ছাসেবককে এ বিষয়ে উদ্বুদ্ধ করে কাজে সম্পৃক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর উদ্যোগে স্বেচ্ছাসেবককে সম্পৃক্ত করে যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, তাকে সফল করতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। নতুবা এটিও অতীতের মতো ফলবিহীন ও গতানুগতিক হয়ে দাঁড়াবে। জনগণের মাঝে স্বাস্থ্য তথ্য প্রচারের জন্যও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভিত্তি হিসেবে কাজ করতে পারে। নিকট অতীতে জনগণের মাঝে পরিবার পরিকল্পনাকে গ্রহণীয় করা, মুখে খাবার স্যালাইন তৈরি ও এর প্রয়োজনীয়তা তুলে ধরা, টিকাদানে মানুষকে আগ্রহী করে তোলার বিষয়ে স্বাস্থ্য তথা গোটা সরকারের সাফল্য রয়েছে। শুধু তাই নয়, জনগণকে সফলভাবে স্বাস্থ্য কার্যক্রমে সম্পৃক্ত করা গেছে। সে কাজগুলোকে প্রাতিষ্ঠানিক না করার কারণে এখনকার স্বাস্থ্য দুর্যোগ মোকাবিলা সফল করতে কষ্ট হচ্ছে। এটাকে স্বাস্থ্য কার্যক্রমের নিয়মিত অংশ করতে হবে এবং তা প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থার অন্যতম অংশ হিসেবেই। গণমাধ্যম, সামাজিক মাধ্যম, ব্যক্তি পর্যায়ে মতবিনিময় এবং স্থানীয় কমিউনিটি সভার মাধ্যমে জনগণকে প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। স্কুল ও কলেজে স্বাস্থ্যশিক্ষা কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের সঠিক তথ্য জানাতে হবে। জনগণকে সক্রিয়ভাবে যুক্ত করতে হবে, কারণ জনস্বাস্থ্য কর্মসূচি তখনই সফল হয় যখন জনগণ নিজেরাই দায়িত্ব নেয়। স্বাস্থ্য ঝুঁকি সংযোগ তখনই সফল হয়, যখন জনগণ নিজেরাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সক্ষম হয়। এ জন্য সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হয়। এভাবেই দেশে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সফল হয়েছে, কালাজ্বর-ফাইলেরিয়া নিয়ন্ত্রণে এসেছে। সংক্রামক ও অসংক্রামক ব্যাধি যা-ই হোক না কেন, তার প্রকোপ যদি কমাতে ও নিয়ন্ত্রণে আনতে হয়, তবে তৃণমূল পর্যায়ে কমিউনিটি স্তর থেকে ব্যবস্থা নিতে হবে। সরকার ও জনগণের মাঝে এমন একটি প্রচারণা চালু হয়েছে যে কোনো ধরনের স্বাস্থ্য দুর্যোগের প্রস্তুতির অর্থই হচ্ছে দেশের সবচেয়ে বড় বড় হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে ভরে ফেলা, সারাদেশ থেকে ডাক্তার-নার্সদের সেখানে এনে জড়ো করা, আর ছুটি বাতিল করলেই সব কাজ হয়ে গেল। বড় হাসপাতালগুলোকে প্রস্তুত করার প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটাই সব নয়। এর আগের স্তরগুলোতে যদি জোর দেওয়া না হয়, আর সব রোগী যদি বড় বড় হাসপাতালে ঠেলে দেওয়া হয়, তাহলে কখনোই স্বাস্থ্য দুর্যোগ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়; প্রতিরোধযোগ্য মৃত্যুও কমানো সম্ভব নয়। সংক্রামক ব্যাধি দিয়েই উদাহরণ দেওয়া যাক। এখন হামের প্রকোপ চলছে। হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, বাতাসের মাধ্যমে এটি ছড়ায়। সংক্রামক রোগ যদি জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি সৃষ্টি করার মতো হয়, তবে তা প্রথমে সাধারণত হাসপাতালে শনাক্ত হয়। সে হাসপাতাল থেকে তার ঠিকানা ধরে জনস্বাস্থ্য জরুরি দল সেখানে গিয়ে আরও রোগী আছে কিনা তা শনাক্ত করে, তাদের কাছ থেকে যেন অন্য সুস্থ ব্যক্তি সংক্রমিত না হয় সেজন্য তাদের আলাদা করে বাসায় বা হাসপাতালে রেখে চিকিৎসার ব্যবস্থা করে।


যাদের বাসায় থেকে চিকিৎসা করার সুযোগ থাকে না, তাদেরকে দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা কেন্দ্রে (যেমন উপজেলা বা জেলা হাসপাতালে) বা অন্যত্র আইসোলেশন কেন্দ্র তৈরি করে সেখানে চিকিৎসা করা হয়ে থাকে। তাদের সংস্পর্শে আসা সুস্থ ব্যক্তিদেরও বাসায় অন্যদের কাছ থেকে দূরত্বে রেখে একটা বিশেষ সময় পর্যন্ত আলাদা রাখা হয়। যদি এমন ব্যক্তি থাকে যে তাকে বাসায় এজন্য আলাদা ব্যবস্থা রাখা সম্ভব হয় না, তাদের কমিউনিটি পর্যায়ে একটি স্থান নির্ধারণ করে রাখতে হয় (কোয়ারেন্টিন)। আমরা কভিড-১৯ বিশ্বমারির সময় এ ধরনের ব্যবস্থা বিশ্বব্যাপী করতে দেখেছি। আমাদের দেশে স্থানীয় পর্যায়ে যদি প্রকোপ নিয়ন্ত্রণ করতে হয়, একই ধরনের ব্যবস্থা স্থানীয় পর্যায়ে করতে হবে। স্তরভিত্তিক চিকিৎসার ব্যবস্থা করে মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব এবং এ ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে। বিশেষায়িত হাসপাতালে আইসিইউ প্রতিষ্ঠা ও পরিচালনায় যে ব্যয় হয়, তার চেয়ে অনেক কম খরচে তৃণমূল/প্রাথমিক পর্যায়ে ও দ্বিতীয় পর্যায়ে এ ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব। এতে জটিল রোগীর সংখ্যাও কমে আসবে, মৃত্যুও কমে আসবে। দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধ সরবরাহ করাটাই যথেষ্ট নয়। দরিদ্র মানুষ যাতায়াতের খরচ, কাজে না গেলে ওইদিনের উপার্জন হারানো, হাসপাতালে দুর্নীতির কারণে বাড়তি খরচ ইত্যাদি কারণে রোগের প্রাথমিক স্তরে হাসপাতালে আসেন না। কিন্তু রোগী মরণাপন্ন হলে তাকে ঘটি-বাটি, জমিজমা বিক্রি-বন্ধক দিয়ে ঢাকা শহরে রোগী নিয়ে আসতে হয়। তাও সব সময় রোগীকে বাঁচানো যায় না। এতে মধ্যবিত্ত দরিদ্র হয়, দরিদ্র হয় হতদরিদ্র, হতদরিদ্র হয় ছিন্নমূল। এ ধরনের পরিস্থিতি এড়াতে হলে প্রান্তিক মানুষদের সামাজিক সহায়তা দিতে হবে। এটা সর্বজনীন ও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার নীতি। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও অন্যান্য কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এ কাজে সরকারের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, বিশেষজ্ঞরা তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন। সকল মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক, অত্যাবশ্যকীয় ও জরুরি স্বাস্থ্যসেবা ‍নিশ্চিতকরণে সরকার দৃঢ়ভাবে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোলে আমরা জনস্বাস্থ্যভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্তরভিত্তিক চিকিৎসা কাঠামোর শক্তিশালী ভিত্তি গড়ে তোলার ব্যাপারে আশাবাদী হতে পারব।