ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২৫ ১৪:২২:৩৭
বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি

নিজস্ব প্রতিবেদক

মিস ইউনিভার্সের মঞ্চে এবার মুকুটের দৌড়ে এগিয়ে যাওয়া হলো না বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহির। প্রতিযোগিতার ৭৫তম আসরে সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় নাম না থাকায় প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে।’

 

প্রত্যাশিত ফল না আসার পর নিজের অনুভূতি ও চেষ্টার কথা সামাজিক মাধ্যমে তুলে ধরে মাহি বলেন, ‘বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটা কথা বলতে চাই আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

 

প্রত্যাশিত ফল না পেলেও পুরো যাত্রার অভিজ্ঞতাকে মূল্যবান মনে করছেন মাহি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়। আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়।’

 

পোস্টের শেষাংশে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও গর্বের কথা তুলে ধরে এই প্রতিযোগী বলেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

 

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে নতুন অভিজ্ঞতা উপহার দেন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালের প্রথম বাছাইয়েই তার যাত্রা থেমে গেল।

 

 

 

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ