পাঁচ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন পপ তারকা মাইলি
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়েতে। তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। ৩৩ বছর বয়সী মাইলির স্বামীর বয়স ২৮ বছর, অর্থাৎ স্ত্রীর চেয়ে পাঁচ বছরের ছোট ম্যাক্স।
মার্কিন সাময়িকী ‘পিপল’-এর প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
মাইলি ও ম্যাক্সের বিয়ের আয়োজনে ছিল সাদামাটা আভিজাত্যের ছোঁয়া। সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো মঞ্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের মূল অনুষ্ঠানের আগের দিন ঘনিষ্ঠজনদের নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজনও করেছিলেন এই নবদম্পতি।
২০২১ সালের শেষ দিকে পরিচিতজনদের মাধ্যমে মাইলি ও ম্যাক্সের প্রথম দেখা হয় এবং সেখান থেকেই তাদের প্রেমের শুরু। এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, প্রথম সাক্ষাতের সময় দুজনের কেউই একে অপরের সম্পর্কে তেমন কিছু জানতেন না।
সম্পর্কটিকে স্থায়ী রূপ দিতে গত বছর বাগদান সারেন এই জুটি। ম্যাক্সের ভাষ্য অনুযায়ী, জাপানের কিয়োটো ভ্রমণের সময় একটি হোটেলের বাগানে হাঁটার একপর্যায়ে হাঁটু গেড়ে বসে মাইলিকে বিয়ের প্রস্তাব দেন তিনি। পুরো বিষয়টি গোপন রাখতে বেশ কৌশলও অবলম্বন করতে হয়েছিল তাকে।
ম্যাক্স মোরান্ডোর সঙ্গে এটি মাইলি সাইরাসের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তবে এক বছরের মাথায় আলাদা হয়ে যান দুজন এবং ২০২০ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। পুরোনো অধ্যায় পেছনে ফেলে এবার ম্যাক্সের সঙ্গে নতুন করে সংসার শুরু করলেন এই জনপ্রিয় সংগীত তারকা।