পর্দায় কাদের সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন, জানালেন অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদক
হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স বরাবরই নিজের মতামত ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশে অকপট। সম্প্রতি অ্যান্ডি কোহেনের উপস্থাপনায় টেলিভিশন অনুষ্ঠান ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ’-এ অংশ নিয়ে নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। আলোচনায় উঠে এসেছে সহশিল্পীদের সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা, ব্যক্তিগত শারীরিক পরিবর্তন এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিংয়ের স্মারক ধনুক-তিরের গল্প।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রচারিত অনুষ্ঠানে জেনিফারের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির অভিনেতা জশ হাচারসন।
অনুষ্ঠানে জেনিফারকে কয়েকজন সহশিল্পীর সঙ্গে পর্দার চুমুর অভিজ্ঞতা ভালো থেকে খারাপ—এভাবে সাজাতে বলা হয়। তালিকায় ছিলেন জশ হাচারসন, লিয়াম হেমসওর্থ, ব্র্যাডলি কুপার, টিমোথি শ্যালামে ও ক্রিস প্র্যাট।
জেনিফারের পছন্দের তালিকায় প্রথম স্থান পেয়েছেন জশ হাচারসন। এরপর রয়েছেন লিয়াম হেমসওর্থ। তৃতীয় ও চতুর্থ স্থানে রেখেছেন যথাক্রমে ব্র্যাডলি কুপার ও টিমোথি শ্যালামেকে। আর তালিকার সর্বশেষে ছিলেন ক্রিস প্র্যাট।
‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের ‘ক্যাচিং ফায়ার’ ছবিতে জশ হাচারসনের সঙ্গে অভিনয় করেছেন জেনিফার। একই সিরিজের ‘মকিংজে—পার্ট ওয়ান’-এ তার সহশিল্পী ছিলেন লিয়াম হেমসওর্থ। ব্র্যাডলি কুপারের সঙ্গে ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ও ‘সেরেনা’ এবং টিমোথি শ্যালামের সঙ্গে ‘ডোন্ট লুক আপ’ ছবিতে কাজ করেছেন তিনি। অন্যদিকে ‘প্যাসেঞ্জার্স’ ছবিতে জেনিফারের বিপরীতে অভিনয় করেছিলেন ক্রিস প্র্যাট।
অনুষ্ঠানে নিজের স্তন প্রতিস্থাপন নিয়েও কথা বলেন জেনিফার। ‘রিয়েল হাউসওয়াইভস অব নিউইয়র্ক’ রিয়েলিটি শোর একটি ঘটনা নিয়ে আলোচনার সূত্র ধরে তিনি জানান, তার নিজেরও স্তন ইমপ্লান্ট রয়েছে। ইমপ্লান্টগুলো নতুন বলেও উল্লেখ করেন অভিনেত্রী। এ ছাড়া ‘দ্য হাঙ্গার গেমস’ ছবির শুটিং থেকে কোনো স্মারক নিজের কাছে রেখেছেন কি না, জানতে চান উপস্থাপক অ্যান্ডি কোহেন। জেনিফার জানান, ক্যাটনিস এভারডিন চরিত্রে ব্যবহৃত ধনুক-তির তিনি সেট থেকে নিয়ে এসেছিলেন। তবে সেগুলো এখন আর খুঁজে পাচ্ছেন না। মজা করে বলেন, হয়তো কেউ সেগুলো চুরি করেছে। ঠিক কোথায় হারিয়েছে, তা তার জানা নেই।
২০১২ সালে ‘দ্য হাঙ্গার গেমস’-এর প্রথম ছবি মুক্তির পর ক্যাটনিস এভারডিন চরিত্রের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান জেনিফার। সিরিজটির জনপ্রিয়তায় তার অভিনয়ের পাশাপাশি ধনুক-তির হাতে লড়াইয়ের দৃশ্যগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ ছবির প্রচারণায় সম্প্রতি একসঙ্গে অংশ নিচ্ছেন জেনিফার ও জশ হাচারসন। নতুন ছবিটি মূল সিরিজের আগের সময়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে হেইমিচ অ্যাবারনাথির শুরুর জীবনের ঘটনা তুলে ধরা হবে। নতুন ছবিতে জেনিফার ও জশের উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।