ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ১৮:৪২:৪১
বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ সৌদি আরবের বহুজাতিক কোম্পানির ওপর ১৫ শতাংশ ন্যূনতম কর আরোপ সৌদি আরবের

নিজস্ব প্রতিবেদক

বড় বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ১৫ শতাংশ ন্যূনতম কার্যকর কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এ করব্যবস্থা কার্যকর হবে।

 

সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জ্যাটকা) জানিয়েছে, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সমন্বিত বার্ষিক আয় ৭৫০ মিলিয়ন ইউরো বা তার বেশি, তারা নতুন এ করের আওতায় আসবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগের চার অর্থবছরের অন্তত দুটিতে এই আয়ের সীমা পূরণ করতে হবে।

 

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবে কার্যক্রম পরিচালনাকারী সব প্রতিষ্ঠানের ওপর এ কর প্রযোজ্য হবে না। কেবল নির্ধারিত শর্ত পূরণকারী বহুজাতিক গোষ্ঠীর আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে কর দিতে হবে। বিদেশে কোনো শাখা নেই এবং সংশ্লিষ্ট বহুজাতিক গোষ্ঠীর অংশ নয় এমন স্থানীয় প্রতিষ্ঠান এ করের বাইরে থাকবে।

 

নতুন ব্যবস্থায় কোনো প্রতিষ্ঠানের সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ১৫ শতাংশের নিচে হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে। তবে এই ১৫ শতাংশ কর প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর নয়, বরং মুনাফার কার্যকর করহারের ভিত্তিতে নির্ধারিত হবে।

 

আন্তর্জাতিক করব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কর ফাঁকি দিয়ে কম করের দেশে মুনাফা স্থানান্তরের প্রবণতা কমানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সৌদি কর্তৃপক্ষ বলছে, নতুন করব্যবস্থা কার্যকরের মাধ্যমে দেশের অভ্যন্তরে অর্জিত মুনাফার ওপর কর আদায়ের অধিকার সুরক্ষিত হবে। পাশাপাশি সরকারি রাজস্ব বৃদ্ধি এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে দেশের ব্যবস্থার সামঞ্জস্য প্রতিষ্ঠায় এটি ভূমিকা রাখবে।

 

 

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ