সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক নিষ্ক্রিয়তার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা; যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহসাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ, সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম; সহআইন সম্পাদক মো. রাকিব, সহতথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।
অন্যদিকে, পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।