ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাকাউন্ট স্থগিতের জেরে হায়দরাবাদে মেটা কার্যালয়ে ভা'ঙচু'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-২১ ১৬:১৮:৩৯
অ্যাকাউন্ট স্থগিতের জেরে হায়দরাবাদে মেটা কার্যালয়ে ভা'ঙচু'র অ্যাকাউন্ট স্থগিতের জেরে হায়দরাবাদে মেটা কার্যালয়ে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

সোশাল মিডিয়ায় যুব কংগ্রেসের দুই নেতার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের প্রতিবাদে ভারতের হায়দরাবাদে মেটা কার্যালয়ে হামলা চালিয়েছেন তেলেঙ্গানা যুব কংগ্রেসের কর্মীরা।

 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবারের (২০ নভেম্বর) এ হামলায় বিক্ষোভকারীদের কার্যালয় প্রাঙ্গণে থাকা ফুলের টব ছুড়ে মারতে ও ভাঙচুর করতে দেখা গেছে।

 

তেলেঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি জাক্কিদি শিবচরণ রেড্ডির নেতৃত্বে এ বিক্ষোভ হয়। এ সময় ভারতীয় যুব কংগ্রেসের (আইওয়াইসি) কর্মীরা মেটা ও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। সোশাল মিডিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে স্থগিত করা কয়েকটি পোস্ট পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা।

 

ঘটনার ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা কার্যালয়ের করিডর ও ক্যাফেটেরিয়ার আশপাশে দৌড়াচ্ছেন। কয়েকজন কর্মীকে ফুলের টব ভাঙতেও দেখা যায়।

 

এদিকে এক্সে পোস্টে মেটাকে ‘মেরুদণ্ড শক্ত করার’ আহ্বান জানিয়েছে ভারতীয় যুব কংগ্রেস। পাশাপাশি বিধিনিষেধ আরোপ করা অ্যাকাউন্ট ও পোস্টগুলো পুনর্বহালে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

দাবি মানা না হলে ‘আদালতে, রাজপথে এবং কার্যালয়েও’ আন্দোলন জোরদার করার হুমকি দিয়েছে তারা।

 

যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিব এবং জাতীয় ইনচার্জ মনীশ শর্মার অ্যাকাউন্টে এ বিধিনিষেধ আরোপ করেছিল মেটা।

 

একই সময়ে মুম্বাইয়ের বিকেসি এলাকায় মেটা কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখিয়েছে মুম্বাই যুব কংগ্রেস। সংগঠনের নেতাদের অ্যাকাউন্ট স্থগিতের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপি ও আরএসএসের সমালোচকদের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুম্বাই যুব কংগ্রেসের সভাপতি জিনাত শাবরিনের নেতৃত্বে বিকেসির ওয়ার্ল্ড ওয়ান এলাকায় এ বিক্ষোভ হয়। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টারও পোড়ান বিক্ষোভকারীরা। অশ্বিনী বৈষ্ণব ভারতের তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। বিক্ষোভকারীরা মেটার বিরুদ্ধে বিজেপির পক্ষ নেওয়ার অভিযোগ তুলে স্লোগান দেন। তাদের ভাষ্য, উদয় ভানু চিব ও মনীশ শর্মার অ্যাকাউন্ট স্থগিত করা সোশাল মিডিয়ায় ভিন্নমত দমনেরই একটি চেষ্টা। অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপের ঘটনায় মেটার সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

 

তিনি এক্স পোস্টে বলেছেন, ‘বিদেশি কোম্পানিগুলোর উচিত আমাদের দেশে ব্যবসা করা, রাজনীতি নয়। সবাইকে সমান চোখে দেখাই একটি ভালো ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য।’

 

অখিলেশ লেখেন, ‘অযথা চাপ সৃষ্টি করে বিদেশি কোম্পানিগুলোর ব্যবসাকে রাজনীতিকরণ করাও উচিত নয় সরকারের।’ যুব কংগ্রেস কর্মীদের ভাঙচুরের ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি। তারা কংগ্রেসকে ‘গুন্ডাদের দল’ বলে আখ্যা দিয়েছে।

 

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, ‘ভারতীয় যুব কংগ্রেসের গুন্ডারা হায়দরাবাদে মেটার কার্যালয় শুধু ভাঙচুর ও তছনছই করেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বড়াইও করছে।

 

মনে করে দেখুন, বিশ্ব এআই সম্মেলনে নগ্ন হয়ে ঢুকে পড়ে তারা কীভাবে ভারতকে অপমান করেছিল।’

 

তিনি বলেন, ‘রাহুল গান্ধীর দল কংগ্রেস একটি গুন্ডাদের দল। বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর চালানোই কংগ্রেসের মডেল।’

 

অন্যদিকে ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেতা কে টি রামা রাও কংগ্রেস কর্মীদের ‘গুন্ডা’ বলে আখ্যা দিয়েছেন। ‘গুন্ডামিই’ ভারতে বিদেশি কোম্পানি আনার উপায় কি না, রাহুল গান্ধীর কাছে সেই প্রশ্ন রাখেন তিনি।

 

রামা রাও বলেন, ‘ব্র্যান্ড হায়দরাবাদ দেশের লাখ লাখ পরিবারের অন্ন জোগায়। বহু ব্যবসাবান্ধব নীতির মাধ্যমে কয়েক দশক ধরে এটি তিল তিল করে গড়ে তোলা হয়েছে।’

 

তিনি বলেন, ‘কংগ্রেসের গুন্ডারা ভেবেছে হায়দরাবাদে মেটার কার্যালয় ভাঙচুর করা খুব বাহাদুরির কাজ। নির্বোধেরা এখন তা নিয়ে গর্বও করছে।’

 

 

 

 

 

 

 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ