এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের আনোয়ারায় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির অদূরে হেলমেট ও মুখোশ পরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্যের বাড়ির পাশের সড়কে ২০ থেকে ৩০ জন যুবক হেলমেট ও মুখোশ পরে জড়ো হন। পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করেন। এ সময় সড়কে পেট্রল ঢেলে আগুন জ্বালানো এবং গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা যায় তাদের। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে লাঠিসোটা, লগি-বইঠা ও দেশীয় অস্ত্রসদৃশ বস্তু ছিল।
ভিডিওটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা যায়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পক্ষেও স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, সড়কে মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।