ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১৮:০৬:০৪
ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ও দলটির জ্যেষ্ঠ নেতা ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ গেজেট জারি করা হয়।

 

এর আগে মঙ্গলবার দুপুরে ওসমান ফারুকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, গত ১৪ নভেম্বর ই-মেইলের মাধ্যমে সংসদ সচিবালয়ে পদত্যাগপত্র পাঠান তিনি। পরদিন ১৫ নভেম্বর স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

 

ড. মুহাম্মদ ওসমান ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সে সময় বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

 

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ৮৬ বছর বয়সী এই বিএনপি নেতার পদত্যাগের কারণ নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি শারীরিকভাবে অসুস্থ। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটেও অংশ নেননি তিনি। তবে বিএনপির অন্য একটি সূত্রের দাবি, মন্ত্রিত্ব না পাওয়ায় অসন্তোষ থেকে তিনি সংসদ সদস্য পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। যদিও এ বিষয়ে ওসমান ফারুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ