অপসংস্কৃতি মোকাবিলায় লোকজ সংস্কৃতির পুনর্জাগরণের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলায় আবহমান বাংলার লোকজ সংস্কৃতির পুনর্জাগরণের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবের আয়োজন করে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন ‘আবর্তন’। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ উৎসবে হাজারো মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, সংগীতশিল্পী ন্যান্সি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও প্রধান সমন্বয়ক রাকিবুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই আবর্তনের মূল লক্ষ্য। লালনগীতি, জারি, সারি, ভাওয়াইয়া, বাউলগান, লোকনাট্য ও যাত্রাপালাসহ বিভিন্ন শিল্পমাধ্যমের চর্চা সম্প্রসারণে কাজ করবে সংগঠনটি। এ জন্য তরুণদের প্রশিক্ষণ, লোকশিল্পীদের সৃষ্টিকর্ম সংরক্ষণ এবং দেশের বিভাগীয় ও জেলা শহরে সাংস্কৃতিক আয়োজন, কর্মশালা ও নাট্যোৎসব করার পরিকল্পনা রয়েছে।
আবর্তনের প্রধান উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, লোকজ সংস্কৃতি বাংলাদেশের ইতিহাস, কৃষিজীবন ও জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এ ঐতিহ্য ধরে রাখতে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে নিজস্ব সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। অপসংস্কৃতি ও সাংস্কৃতিক আধিপত্য মোকাবিলায় নিজস্ব সংস্কৃতির সৃজনশীল বিকাশ জরুরি।
আয়োজকদের প্রত্যাশা, বকুলতলার এ নবান্ন উৎসবের মধ্য দিয়ে শুরু হওয়া আবর্তনের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে পড়বে এবং লোকজ সংস্কৃতির পুনর্জাগরণে ভূমিকা রাখবে।