ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১৬:৩৭:৪৮
সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, ডিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব মামলার মধ্যে হত্যা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

 

জুলাই-আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার আসামি সাঈদ খোকন। এসব মামলার মধ্যে হত্যা মামলাও রয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা এখনো স্পষ্ট করেনি পুলিশ।

 

ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা পরে জানানো হবে। আজ তাকে আদালতে হাজির করা হতে পারে।

 

হত্যা ও সহিংসতার মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তার ৭৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

 










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ