২০০ টাকায় দেখা যাবে সাফের ফাইনাল, তবুও আগ্রহ দেখাচ্ছে না দর্শকরা
নিজস্ব প্রতিবেদক
আশা জাগিয়েও ফাইনালে ওঠা হয়নি স্বাগতিক বাংলাদেশের। তাতেই যেন আগ্রহ হারিয়েছেন দর্শকরা। গ্যালারিতে দর্শক টানতে সাফের ফাইনাল ম্যাচের টিকিটের দাম এক ধাক্কায় ১ হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হয়েছে।
তবে এত বড় মূল্যছাড়েও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া। আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ফাইনাল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে উত্তেজনা থাকার কথা থাকলেও দর্শকদের মধ্যে টিকিট কেনার আগ্রহ বেশ কম।
ফাইনালের আগের দিন গতকালও অনলাইন প্ল্যাটফর্মে অবিক্রীত পড়ে ছিল বেশির ভাগ টিকিট। টুর্নামেন্টের অফিশিয়াল টিকিট বিক্রির প্ল্যাটফরম 'টিকিফাই'-এর ওয়েবসাইটে দেখা গেছে, রবিবার টিকিটের দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও সমর্থকদের সাড়া বাড়েনি।
সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা থেকে কমিয়ে ২০০ টাকা করা হলেও দর্শকদের আগ্রহ ফেরাতে পারেনি এই উদ্যোগ।