ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় পৃথক ২ ব'ন্দুক হা'মলায় নি'হত অন্তত ১৭

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১১:২০:০৫
দক্ষিণ আফ্রিকায় পৃথক ২ ব'ন্দুক হা'মলায় নি'হত অন্তত ১৭ দক্ষিণ আফ্রিকায় পৃথক ২ বন্দুক হামলায় নিহত অন্তত ১৭

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা এপির বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে।

 

পুলিশ জানায়, রোববার গভীর রাতে পিটারমারিৎসবার্গ শহরের বাইরের সুইটওয়াটারস এলাকায় ‘গুলিবিদ্ধ’ একটি গাড়ির ভেতর থেকে আটজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাজধানী প্রিটোরিয়ার কাছাকাছি অনানুষ্ঠানিক বসতি জেফসভিলের একটি ঝুপড়ি ঘরের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছয়জন পুরুষ ও তিনজন নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

সোমবার জাতীয় পুলিশ কমিশনার ফ্যানি মাসেমোলা জানান, ৫৩০ কিলোমিটার (৩৩০ মাইল) দূরত্বের ব্যবধানে সংঘটিত এই অপরাধগুলোর উদ্দেশ্য এখনো উদ্‌ঘাটন করতে পারেননি তদন্তকারীরা। তিনি বলেন, ‘আমরা যে চলমান গণগুলিবর্ষণের মুখোমুখি হচ্ছি তা অগ্রহণযোগ্য। অবশ্যই আমাদের এই অপরাধীদের খুঁজে বের করতে হবে। আমরা তাদের সম্প্রদায়গুলোকে আতঙ্কিত করতে বা মানুষ কীভাবে জীবনযাপন করবে তা নির্ধারণ করতে দিতে পারি না।’

 

দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার সহিংস অপরাধের মোকাবিলা করে আসছে, তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে অধিক প্রাণহানিসহ গণগুলিবর্ষণের ঘটনা বেড়েছে। প্রিটোরিয়া থেকে আল জাজিরার প্রতিনিধি ক্লেমেন্ট মানিয়াথেলা জানান, গুলিবর্ষণের বিষয়ে উত্তরের অপেক্ষায় থাকায় স্থানীয় বাসিন্দারা ‘আতঙ্কে জমে আছেন’। তিনি আরও জানান, মধ্যরাতের ঠিক আগে চার কক্ষের একটি ঝুপড়ি ঘরে এই হত্যাকাণ্ড ঘটে এবং এক আত্মীয়ের খোঁজে ওই ঘরে যাওয়া একটি ছোট শিশু প্রথম মরদেহগুলো দেখতে পায়।

 

ঘটনাস্থলে প্যাথলজিস্ট, তদন্তকারী এবং পুলিশ কর্মকর্তারা কী ঘটেছে তা উদ্‌ঘাটনে কাজ করছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, গাউটেং পুলিশ কমিশনার টমি এমথমবেনি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন গত বছর পাশের অনানুষ্ঠানিক বসতি সলসভিলে সংঘটিত একটি গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন ব্যক্তি’ ছিলেন, যে হামলায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়েছিলেন। তিনি বলেন, ‘এগুলোর মধ্যে যোগসূত্র থাকতে পারে এবং এটি সম্ভবত একটি প্রতিশোধমূলক হামলা ছিল—তা আমরা উড়িয়ে দিতে পারি না।’

 

অন্যদিকে পিটারমারিৎসবার্গের গুলিবর্ষণের ঘটনায় পুলিশের মুখপাত্র রবার্ট নেটশিউন্দা জানিয়েছেন, কিছু পরিবার নিহতদের শনাক্ত করতে সহায়তা করার জন্য এগিয়ে এসেছে। তিনি বলেন, ‘এর উদ্দেশ্য কী হতে পারে এবং এই গুলিবর্ষণের পেছনে কারা থাকতে পারে তা বলার সময় এখনো আসেনি, কারণ আমরা এখনো নিহতদের শনাক্ত করতে পারিনি।’











 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ