কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শয্যাশায়ী বৃদ্ধার
কৃষক দল নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শয্যাশায়ী বৃদ্ধার
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চর মঙ্গলকোর্ট গ্রামে শয্যাশায়ী এক বৃদ্ধার পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে এক কেন্দ্রীয় কৃষক দল নেতার জমি ফিরে পাওয়া ও চিকিৎসার খরচের দাবিতে শেষপর্যন্ত বিছানায় শুয়েই সংবাদ সম্মেলন করেছেন আমেনা বেগম (৮০) নামের ওই বৃদ্ধা। তার এ পরিস্থিতিতে সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন সন্তান ও প্রতিবেশীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চর মঙ্গলকোর্ট গ্রামে এ কর্মসূচি পালিত হয়। বৃদ্ধা আমেনা বেগম চর মঙ্গলকোর্ট গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের স্ত্রী। তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। সংবাদ সম্মেলনে দুই ছেলে কাউছার প্রামাণিক (৬০) ও সেলিম প্রামাণিক (৫০) এবং মেয়ে খাদিজা বেগম (৪৫) উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, আমেনা বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামে। পৈতৃক সম্পত্তির ১৫৭ শতক জমির মধ্যে মাত্র ১০ শতক জমি পেয়েছেন আমেনা বেগম, যা তার নামে রেকর্ডভুক্ত; কিন্তু প্রায় এক যুগ ধরে ওই জমি দখল করে রেখেছেন নিখুরদি গ্রামের মৃত ইয়াকুব আলী খলিফার ছেলে অ্যাডভোকেট সোলাইমান হোসাইন। তিনি বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক। প্রতিকার চেয়ে আমেনা বেগমের কক্ষেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিছানায় শুয়ে আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমি তো কোনো দিন আমার জমি সোলেমানের কাছে বিক্রি করিনি। ও আমার জমি দখল করেছে। আজ ১০ বছর ধরে ও ভোগদখল করছে। আমার ছেলেদের জমিতে যেতেও দেয় না, খালি ঝামেলা করে। ছেলে কাউছার প্রামাণিক বলেন, আমার মায়ের পৈতৃক ১০ শতক জমির সঙ্গে সোলাইমানের কোনো সম্পর্ক বা ওয়ারিশ সূত্র নেই। মায়ের নামে রেকর্ডকৃত সম্পত্তি ক্ষমতার দাপটে দখল করে বর্তমানে মাসুদ চোকদার নামে এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় বন্ধক রেখেছেন সোলাইমান। আমরা গেলে মাসুদ জানান, সোলাইমান তার কাছে জমিটি বন্ধক রেখেছেন। এছাড়া ওই জমিতে গেলে আমাদের হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে। মেয়ে খাদিজা বেগম বলেন, স্ট্রোক করে আমার মা এখন শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। আমরা বারবার অনুরোধ করছি, ওই জমি বিক্রি করে মায়ের চিকিৎসা করাব; কিন্তু আমাদের নামে মিথ্যা মামলার ভয় ও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।
তবে দখলের অভিযোগ অস্বীকার করে কৃষক দল নেতা অ্যাডভোকেট সোলাইমান হোসাইন বলেন, ওই দাগে মোট ১৫৭ শতক জমি আছে। জমিটি ওয়ারিশসূত্রে আমার দাদা ও চাচার ভোগদখলে ছিল; চাচা আমাকে দিয়েছেন। আমি ৩০ বছর ধরে ওই জমির দখলে আছি। এখন আমেনা বেগম জমি পেলেও সবার মধ্যে থেকে পাবেন। আর মাঠ রেকর্ড হয়ে থাকলে তা ভুলবশত হয়েছে। তার কোনো জমি আমি দখল করিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স