ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়া করে ব্যবসায়ীকে ছু'রি'কা'ঘা'তের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, অ'স্ত্র-গু'লি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৭:৫৭:০৬
তাড়া করে ব্যবসায়ীকে ছু'রি'কা'ঘা'তের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, অ'স্ত্র-গু'লি উদ্ধার তাড়া করে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মুরাদ নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে দুটি দেশীয় এলজি, একটি রিভলবার, ৭ রাউন্ড কার্তুজ এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

 

রোববার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে এর আগে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে অন্তত ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশের প্রেরিত বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কিনে ঘর নির্মাণের চেষ্টা করছিলেন সাব্বির। এ নিয়ে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এর আগে বিগত সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতার সঙ্গে সাব্বিরের কিছু ছবি মুরাদের ভাই মানিকের সংগ্রহে ছিল। ওই ছবিগুলো ব্যবহার করে মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচার চালিয়ে আসছিলেন।

 

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় রাউজানের ব্যস্ততম বাণিজ্যিক প্রাণকেন্দ্র পথেরহাটের ১ নম্বর গলির মৌসুমী স্টোরের ভেতরে ফেসবুক পোস্টের বিষয় নিয়ে সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে একপর্যায়ে মানিক পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ হয়ে সাব্বির মানিকের বড় ভাই দোকানের মালিক ব্যবসায়ী মো. মুরাদকে মার্কেটের বাইরে থেকে ধাওয়া করেন। প্রাণভয়ে মুরাদ দৌড়ে আমির মার্কেটে নিজের দোকানে আশ্রয় নেন। কিন্তু পিছু ধাওয়া করে সাব্বিরও দোকানের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ‘ভিডিও কেন ডিলিট করিসনি’ বলে মুরাদের উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠান। হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত সাব্বির।

 

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার সময়ের একটি ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতের পরও আহত মুরাদের কাছে নিজের প্রকাশিত ভিডিওগুলো মুছে ফেলার দাবি করছেন সাব্বির। এ সময় তাকে বলতে শোনা যায়, আমার যেসব ভিডিও পাবলিশড করেছিস, সবগুলো ভিডিও ডিলিট করবি।’ জবাবে রক্তাক্ত মুরাদ বলেন, ‘খোদার কসম, সব ডিলিট করে দিব। আমার মরা মা-বাবার কসম, ডিলিট করে দিব।’

 

ভিডিওতে সাব্বিরকে মুরাদের ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায়। জবাবে মুরাদ তিন মাসের মধ্যে তার ভাইকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেন। একপর্যায়ে সাব্বির জানতে চান, তার ভিডিও কে প্রকাশ করেছে। উত্তরে মুরাদ ‘মানিক্কে মানিক্কে’ বলে উল্লেখ করেন। তবে সাব্বির তাকেই সব ভিডিও প্রকাশের জন্য দায়ী করেন এবং ভিডিও মুছে ফেলার পাশাপাশি তার ভাইকে দিয়ে ক্ষমা চাওয়ানোর দাবি জানান। এ সময় মুরাদ সবার সামনে ভাইকে দিয়ে ক্ষমা চাওয়ানোর আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। ভিডিওতে দোকানের সামনে অন্যদের এগিয়ে আসতে দেখে সাব্বিরকে ‘কেউ সামনে আসবি না’ বলে হুমকি দিতেও শোনা যায়।

 

প্রকাশ্যে দোকানের ভেতরে এমন হামলার ঘটনায় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। কেনাকাটা করতে আসা নারীসহ ক্রেতারা ছোটাছুটি করেন। এতে পথেরহাটের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকায় স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়।

 

ঘটনার পর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাউজান থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গত ১৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি, একটি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর প্রথম প্রহরে (রাত ১২টা ২৫ মিনিটে) নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকায় তার বসতবাড়ির রান্নাঘরের সানসেটের ওপর প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা আরও একটি দেশীয় এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা এবং দুটি টিপ চাকু উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করে যে, উদ্ধার করা টিপ চাকুগুলোর একটি দিয়েই ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাত করা হয়েছিল।

 

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে দুটি দেশীয় এলজি, একটি দেশীয় রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা এবং দুটি টিপ চাকু।

 

রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার আসামিকে সোমবার বেলা ১২ টায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তবে, পথেরহাটের ঘটনায় ভুক্তভোগী পরিবার এখনও কোনো লিখিত অভিযোগ ও মামলা দায়ের করেন নি। তাদের থানায় আসতে বলা হয়েছে। 











 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ