রাজস্থলীতে আ'গু'নে নিঃ'স্ব ৮ পরিবার, দুর্দিনে পাশে উপজেলা প্রশাসন
রাজস্থলীতে আ'গু'নে নিঃ'স্ব ৮ পরিবার, দুর্দিনে পাশে উপজেলা প্রশাসন
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমছড়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়া আটটি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর দুর্দিনে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুফ হাসান। রোববার (১৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, কম্বল, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের হাতে ডাল, তেল, চিনি, মুড়ি, লবণ, আলু, চিড়া, কম্বল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো এখন চরম অনিশ্চয়তার মুখে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটানো এসব মানুষের কাছে উপজেলা প্রশাসনের এই সহায়তা কিছুটা স্বস্তি এনে দিয়েছে। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন বিপদের সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে ঘটনাস্থলে এসে খোঁজখবর নেওয়া এবং খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করায় তারা উপকৃত হয়েছেন।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সাবেক গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান এবং সদর ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আলম উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, “উপজেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে। প্রাথমিকভাবে শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আরও সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।” স্থানীয়রা অগ্নিকাণ্ডের পরপরই উপজেলা প্রশাসনের এমন মানবিক ও দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সর্বস্ব হারানো পরিবারগুলোর দুর্দশা বিবেচনায় সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক
সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো হয়তো একদিন আবার গড়ে উঠবে, কিন্তু এই মুহূর্তে আটটি পরিবারের প্রয়োজন নিরাপদ আশ্রয়, খাবার ও নতুন করে বেঁচে থাকার অবলম্বন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স