ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর বিরুদ্ধে হোটেল কর্মচারীকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কুয়াকাটায় এক আবাসিক হোটেলের কর্মচারীকে মারধর, মাথায় আঘাত এবং ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত শাহ আলম হাওলাদার দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতি। আগামী পৌরসভা নির্বাচনে হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী হওয়ার আগ্রহও রয়েছে তাঁর।
এ ঘটনায় শাহ আলম হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. মামুন গাজী (২৮)। অভিযোগের পক্ষে ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মামুন গাজী কুয়াকাটার হোটেল গ্র্যান্ড প্লাসিডের আবাসিক শাখায় অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। হোটেলের প্রয়োজনীয় মুদি পণ্য শাহ আলমের দোকান থেকে কেনা হতো। দোকানে হোটেলের ১৩ হাজার টাকা বকেয়া ছিল। ঘটনার তিন-চার দিন আগে ১০ হাজার টাকা পরিশোধ করায় বাকি ছিল ৩ হাজার টাকা। এই টাকা নিয়ে হিসাবের কাগজ দেখতে চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়।
অভিযোগে বলা হয়, সকালে হোটেলের অতিথিদের জন্য খাবার সংগ্রহ করতে মেরিন ভিউ রেস্তোরাঁয় যান মামুন। সেখানে শাহ আলমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলম গালাগাল শুরু করলে মামুন প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহ আলমসহ আরও তিনজন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
মামুনের অভিযোগ, মারধরের সময় তাঁর মাথা ও মুখে আঘাত করা হয়। এতে মাথার ডান পাশে কপালের ওপর ফোলা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ ছাড়া হোটেলের বাজার করার জন্য সঙ্গে রাখা ২০ হাজার টাকা শাহ আলম নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
ভুক্তভোগীর দাবি, তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় শাহ আলম হাওলাদার ছাড়াও ইব্রাহিম, রাজ্জাক ও খলিল দফাদারকে অভিযুক্ত করে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, শাহ আলম হাওলাদার একসময় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০২৩ সালে আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। বর্তমানে তিনি দলটির কুয়াকাটা পৌর শাখার সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
অভিযোগের বিষয়ে শাহ আলম হাওলাদার বলেন, ‘আমি টাকা পাব, কিন্তু তারা টাকা দেয় না। আমি টাকা চেয়েছি। তখন আমাকে গালাগালি করেছে। তাই আমার পাশে থাকা ভাইদের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. হালিম বেপারি বলেন, তাঁদের সংগঠনে অপরাধের কোনো সুযোগ নেই। কেউ অপরাধ করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, এ ঘটনায় তাঁরা লিখিত অভিযোগ পেয়েছেন। ইতিমধ্যে পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।