রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
রানওয়ে ছাড়াই উড়বে উড়োজাহাজ, ওঠানামায় লাগবে মাত্র ১৫০ ফুট জায়গা
নিজস্ব প্রতিবেদক
দূরপাল্লার যাত্রায় বিমান দারুণ, আর কাছের পথে গাড়ি। কিন্তু মাঝারি দূরত্বে—যেখানে গাড়িতে গেলে সময় বেশি লাগে আবার বিমানে যাওয়াও ঝামেলার—সেই ভোগান্তি দূর করতে আসছে নতুন এক উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ইলেকট্রা’ তৈরি করছে ‘আল্ট্রা শর্ট’ নামের এক অভিনব হাইব্রিড-ইলেকট্রিক আকাশযান। এর সবচেয়ে বড় চমক হলো, এটি উড়তে বা নামতে কোনো বিশাল রানওয়ের প্রয়োজন হবে না। মাত্র ১৫০ ফুট সমতল জায়গা পেলেই এটি অনায়াসে ওঠানামা করতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই প্রযুক্তির বিস্তারিত তুলে ধরা হয়েছে। ইলেকট্রার তৈরি ‘ইএল৯ আল্ট্রা শর্ট’ উড়োজাহাজটিতে একটি গ্যাস টারবাইন ও আটটি বৈদ্যুতিক মোটর রয়েছে। এটি ৯ জন যাত্রী বা ৩ হাজার পাউন্ড মালামাল নিয়ে একটানা ৩৮০ মাইল উড়তে পারে। মজার ব্যাপার হলো, আকাশে ওড়ার সময়ই এর ইঞ্জিন থেকে ব্যাটারি চার্জ হয়ে যায়। সাধারণ উড়োজাহাজের চেয়ে এটি ৪০ শতাংশ কম জ্বালানি পোড়ায় এবং হেলিকপ্টারের তুলনায় এর খরচ ৭০ শতাংশ কম। শব্দও হয় খুব
সামান্য, অনেকটা ঘরের ভ্যাকুয়াম ক্লিনারের মতো। ডানায় বসানো আটটি পাখার সাহায্যে এটি ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতেই লিফটের মতো সোজা ওপরে উঠে যেতে পারে। মাত্র তিন-চার সেকেন্ডের মধ্যেই এটি পাঁচ-ছয় তলা ভবনের সমান উচ্চতায় পৌঁছে যায়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স