৭০ শিশু-কিশোরীকে ব্ল্যাকমেইল, ব্রিটিশ আদালতে শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
অনলাইন প্ল্যাটফর্মে পরিচয় গোপন করে ৭০ শিশু-কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইলের অভিযোগে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। ২৭ বছর বয়সী কাজীকে শুক্রবার (১৩ নভেম্বর) চেস্টার ক্রাউন কোর্ট এ সাজা দেন। কারাভোগ শেষে আরও আট বছর তাকে কঠোর নজরদারির মধ্যে থাকতে হবে। তবে অন্তত ২০ বছর কারাগারে থাকার পর প্যারোলে মুক্তির আবেদন করার সুযোগ পাবেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের পর ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে যুক্তরাজ্যের ২৮টি পুলিশি এলাকায় ৭০ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। এর আগে তদন্তকারীরা সম্ভাব্য ১৮০ জন ভুক্তভোগীকে শনাক্ত করেছিলেন।
তদন্তে উঠে আসে, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমিং প্ল্যাটফর্মে নিজেকে কিশোর পরিচয় দিয়ে মেয়েদের সঙ্গে যোগাযোগ করতেন কাজী। ‘রিস’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট, উইঙ্ক ও রোবলক্সে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন তিনি। একপর্যায়ে কৌশলে তাদের কাছ থেকে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি-ভিডিও সংগ্রহ করতেন। পরে আরও ছবি দিতে রাজি না হলে আগের ছবিগুলো প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতেন।
তদন্তের অংশ হিসেবে কাজীর মোবাইল ফোন থেকে ৪০০টির বেশি আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। এ ছাড়া বার্মিংহামে পরীক্ষা করা অন্যান্য ডিভাইস থেকেও ৫০০টির বেশি ছবি ও ভিডিও পাওয়া গেছে। একটি ঘটনায় তার প্রকাশ করা ভিডিওটি ৯৩ জন দেখেছিলেন বলে জানা গেছে।
চেশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের ৩৭টি অভিযোগ স্বীকার করেছেন কাজী। এর মধ্যে ৩৩টি অপরাধের ভিত্তিতে তাকে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ জারি করেছেন আদালত। ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট কাজীকে ‘অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।