পতন হলেও ফ্যাসিবাদী শক্তি থেমে নেই, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে নাশকতা করছে
নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে দোসররা নানা ধরনের অরাজকতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা নানা ধরনের অরাজকতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি করছে, কোথাও ককটেল বিস্ফোরণ করছে, কোথাও গাড়িতে আগুন লাগাচ্ছে, আবার গার্মেন্টস শিল্পে তারা নানা ধরনের অরাজকতা করছে।’
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের এস-প্লেট খুলে নেওয়ার ঘটনাকে বড় ধরনের নাশকতার চেষ্টা হিসেবে উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গত পরশু নাশকতার উদ্দেশ্যে রেললাইনের এস-প্লেট খুলে নেওয়া হয়েছিল। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে রেল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।
তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে রিজভী বলেন, সংশ্লিষ্টরা শ্রমিকদের কারখানায় আসতে বাধা দিচ্ছে। এত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছেন।
তিনি আরও অভিযোগ করেন, চিহ্নিত দুষ্কৃতিকারীরা দেশের স্বার্থ ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেও নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের ষড়যন্ত্র সফল হবে না।
রিজভী বলেন, নাশকতার প্রতিটি ষড়যন্ত্র ধরা পড়ছে এবং জড়িত ব্যক্তিরাও গ্রেপ্তার হচ্ছে। প্রতিদিনই বোমা ও বিভিন্ন ধরনের অস্ত্রসহ একের পর এক নাশকতাকারীকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।