ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ০১:৪৮:৪৭
৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ ৩০ বছর ধরে নারী শিক্ষায় আলো ছড়াচ্ছে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৩০ বছরের বেশি সময় ধরে নারী শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ‘গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ’। পেয়েছে জাতীয় পর্যায়ে স্বীকৃতি। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার শহর-সংলগ্ন থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এবং পার্শ্ববর্তী উলিপুর উপজেলার পিছিয়ে পড়া নারীদের মাঝে শিক্ষার আলো ছড়ানোর লক্ষ নিয়ে ১৯৯৫ সালে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বন কর্মকর্তা মোঃ গোলাম হাবিব দুলালের নেতৃত্বে কলেজটির যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ার পাশাপাশি দেশের জাতীয় উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জানা গেছে, কলেজটিতে বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে ডিগ্রি (পাস) কোর্সে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। প্রতিবছরই জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ও পাসের হারের দিক থেকে প্রতিষ্ঠানটি চিলমারী উপজেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলছে। এ ছাড়া শিক্ষামূলক যে কোনো প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং ক্ষেত্রবিশেষে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনের গৌরব বজায় রেখে আসছে শিক্ষার্থীরা। এ ছাড়া এবারে এইচএসসি পরীক্ষায় এই কলেজ থেকে অংশগ্রহণ করেন ২১০ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেন ৯৩ জন। জিপিএ ৫ পেয়েছেন ১ জন। চার একর নিজস্ব জমির ওপর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই কলেজে রয়েছে আধুনিক লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার, ডিজিটাল আইসিটি ল্যাব,

মাল্টিমিডিয়া ক্লাসরুম, শিক্ষার্থীদের খেলার মাঠ ও খেলাধুলার পর্যাপ্ত সামগ্রী। বিশেষ করে চরাঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ সহায়তা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে নিয়মিতভাবে ইংরেজি ভাষা শিখন, কম্পিউটার প্রশিক্ষণ, গল্পের আসর, রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয়। এসব সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি তাদের মাঝে সামাজিক দায়বদ্ধতাও তৈরি করছে। গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের পাঠদান কর্মসূচির সাফল্য ইতোমধ্যে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেছে। এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষ করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা পেশা, সরকারি প্রশাসন, স্বাস্থ্যসেবা ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। কলেজটির দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছাঃ রাজিয়া সুলতানা বলে, পড়াশোনার মান অত্যন্ত ভালো। কলেজটির শিক্ষার পরিবেশ খুবই সুন্দর, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব। এখানে শিক্ষকরা আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পাঠদান করান। তারা শুধু পাঠ্যবইয়ের বিষয়গুলোই পড়ান না, পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সুন্দর ভবিষ্যৎ গঠনের বিষয়েও দিকনির্দেশনা দেন। কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে শিক্ষকরা ধৈর্যসহকারে বারবার বুঝিয়ে দেন। ফলে আমাদের পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ছে। একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থী মোছাঃ সুমাইয়া আক্তার বলে, এখানে আমরা মেয়েরা অত্যন্ত সুন্দর ও নিরাপদ পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাচ্ছি। কলেজের সার্বিক পরিবেশ আমাদের পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করে। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে এ কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজটির এবারে এইচএসসি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোছাঃ আমিনা ইসলাম সুক্তি বলে, কলেজে নিয়মিত পাঠদান, পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতা আমাদের শিক্ষাজীবনকে আরও সুন্দর করে তুলেছে। অভিভাবক মোঃ আশরাফুল ইসলাম বলেন, দিন দিন আমাদের দেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া হয় না, কারণ অনেক শিক্ষার্থী ও শিক্ষকরা রাজনীতির সঙ্গে জড়িত এবং মাদকাসক্তও হচ্ছেন অনেকেই। শিক্ষকরা রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তারা ঠিকমতো ক্লাস নেন না। এতে করে শিক্ষার্থীরা লেখাপড়া করতে চায় না। তাই সরকারকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজর দেওয়া দরকার। অভিভাবক মোঃ আব্দুল বারী সরকার বলেন, এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলা তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। শিক্ষার মানোন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান,

শিক্ষকদের আন্তরিকতা, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে। শুধু পরীক্ষার আগে প্রস্তুতি নয়, সারা বছর ধরে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলতে হবে। এ বিষয়ে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ নাছিমা রব্বানী বলেন, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু শিক্ষিতই হচ্ছেন না, তারা হয়ে উঠছেন আত্মনির্ভরশীল। তাদের সাফল্যই প্রমাণ করে যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। তিনি আরও বলেন, এখানে সবার প্রচেষ্টায় আমরা সফল, সবাই নিজ নিজ দায়িত্ব পালনে যথেষ্ট চেষ্টা করেন। অন্য প্রতিষ্ঠানের মতো শিক্ষকদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ নেই, বরং আমরা একে অন্যের ভাইয়ের মতো কাজ করে যাচ্ছি। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি এখন রোল মডেল হিসেবে বিবেচিত। সরকারি পৃষ্ঠপোষকতা ও অবকাঠামোগত উন্নয়ন পেলে কলেজটি চিলমারী উপজেলার নারী শিক্ষায় আরও বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে বলে আশা করছি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ