ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেত ভরা লাউয়ের দাম নিয়ে বিপাকে কৃষকেরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ০১:২৮:১৪
ক্ষেত ভরা লাউয়ের দাম নিয়ে বিপাকে কৃষকেরা ক্ষেত ভরা লাউয়ের দাম নিয়ে বিপাকে কৃষকেরা
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

একসময় যে লাউ বিক্রি করে লাভের মুখ দেখেছিলেন, এবার সেই লাউ নিয়েই বিপাকে পড়েছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কৃষকেরা। গ্রামাঞ্চলে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। ১০০টি লাউ বিক্রি করেও মিলছে না এক কেজি গরুর মাংসের দাম। অথচ শহরের খুচরা বাজারে একই লাউ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। উৎপাদন খরচ তো উঠছেই না, অনেক কৃষক লাউ বিক্রি করে পরিবহন খরচ ও শ্রমিকের মজুরিও তুলতে পারছেন না। ফলে লাভের আশায় লাউ চাষ করে এখন লোকসান গুনছেন তারা। সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে লাউয়ের গাছ। গাছে গাছে ঝুলছে অসংখ্য লাউ। ফলনও হয়েছে ভালো। কিন্তু বাজারে চাহিদা না থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকেরা। ক্ষেত থেকে লাউ তুলে বাজারে নেওয়ার খরচটুকুও অনেকের উঠছে না। কচি লাউয়ের কিছুটা দাম মিললেও একটু পরিপক্ব হলেই ক্রেতা পাওয়া কঠিন হয়ে পড়ছে। ফলে ক্ষেতেই পচে নষ্ট হচ্ছে লাউ। কেউ পরিচর্যা বন্ধ করে দিয়েছেন, কেউ আবার ক্ষোভে বাগান কেটে ফেলছেন। পাকা লাউয়ের শেষ ঠিকানা হচ্ছে গবাদিপশুর খাবার।

কৃষকেরা জানান, চড়া দামে জমি ভাড়া নিয়ে লাউ চাষ করেছেন তারা। বীজ, সার, কীটনাশক ও মাচা তৈরিতে বিনিয়োগ করতে হয়েছে মোটা অঙ্কের টাকা। ভালো ফলন দেখে এবার লাভের আশা করেছিলেন। কিন্তু বাজারে লাউয়ের দাম পড়ে যাওয়ায় সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পূর্বদেবত্তর গ্রামের কৃষক মোঃ বাবুল মিয়াও পড়েছেন একই বিপাকে। গত বছর জমি থেকেই প্রতি পিস লাউ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতায় এবার ভালো দাম পাওয়ার আশায় ৩০ শতক জমিতে লাউ চাষ করেন। কিন্তু এবার উৎপাদন ভালো হলেও লাউয়ের ক্রেতা পাচ্ছেন না তিনি। মোঃ বাবুল মিয়া বলেন, ‘গত বছর যে লাউ বিক্রি করে লাভ পেয়েছি, এবার সেই লাউয়ের দাম নিয়ে বাজারে বসে থাকতে হচ্ছে। লাউ বিক্রি করে পরের আবাদে টাকা তুলব ভেবেছিলাম। এখন নিজের খরচই উঠছে না। এমন অবস্থা যে, ১০০ লাউ বিক্রি করে এক কেজি গরুর মাংস কিনতে পারছি না।’ একই গ্রামের কৃষক মোঃ সুরুজ মিয়া বলেন, ‘আমার পুঁজি সব শেষ। ধারদেনা আছে। সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারছি না। লাউয়ের ফলন ভালো হয়েছে, কিন্তু সেই ফলনই আমার সর্বনাশ করে দিল। আমার কী হবে, জানি না।’ কৃষকেরা জানান, প্রতি একর জমি প্রায় ৪০ হাজার টাকা ভাড়ায় নিয়ে লাউ চাষ করতে হয়েছে। এর সঙ্গে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ রয়েছে। উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য অনেক কম হওয়ায় বর্গাচাষিদের অনেকেই ঋণের চাপে পড়েছেন। অনেকে লাউ বিক্রি করে আগাম আলু চাষের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু লোকসানে পুঁজি হারিয়ে এখন সেই পরিকল্পনাও বাস্তবায়ন করতে পারছেন না। লাউয়ের দাম কমার কারণ নিয়ে

কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে অবশ্য ভিন্নমত রয়েছে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বাজারের খুচরা ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম বলেন, ‘আগাম লাউ বাজারে আসায় পুরোনো গাছের লাউয়ের চাহিদা কমে গেছে। তাই পুরোনো লাউয়ের দামও কম। তবে আগাম লাউয়ের চাহিদা ও দাম দুটোই বেশি।’ তবে বাজারে কৃষকেরা ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেন রাজারহাট বাজারের ক্রেতা মোঃ ইউনুছ আলী। তিনি বলেন, পাইকারদের কারসাজি ও বাজার তদারকির সঠিক ব্যবস্থা না থাকায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নতুন-পুরোনো গাছের লাউ বলে আলাদা কিছু নেই। বাজারে পুরোনো গাছের কচি লাউ ও আগাম লাউ একই দামে, অর্থাৎ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু কৃষকেরা সেই দাম পাচ্ছেন না। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মিঠু চন্দ্র অধিকারী বলেন, গত বছর ভালো দাম পাওয়ায় এবার লাউয়ের আবাদ বেড়েছে। এতে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। ভালো দাম পেতে কৃষকদের আগাম সবজি চাষের পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন করে বাজারে আসা আগাম শীতকালীন লাউয়ের দাম ও চাহিদা তুলনামূলক ভালো বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ