ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। দুর্নীতি দমন কমিশন (দুদক), দিনাজপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. নজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম আনসারী এবং ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রধানশিক্ষক পি.কে. সমীর চন্দ্র। অনুষ্ঠানে ১১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন, সততা ও মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আগ্রহ বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মাঝে দুর্নীতিবিরোধী সচেতনতা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স