ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত শহিদুলের বদলি নিয়ে আলোচনা-সমালোচনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৯:৪৬:১৫
বিতর্কিত শহিদুলের বদলি নিয়ে আলোচনা-সমালোচনা বিতর্কিত শহিদুলের বদলি নিয়ে আলোচনা-সমালোচনা

রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অতীতে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। নতুন কর্মস্থলে তার বদলির খবরে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

 

গত ৩ নভেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসক স্বাক্ষরিত এক আদেশে তাকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়। তবে যার বিরুদ্ধে অতীতে বিভিন্ন অভিযোগ উঠেছে এবং দুর্নীতির মামলাও বিচারাধীন, তাকে নতুন কর্মস্থলে পদায়ন করায় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

 

স্থানীয়রা বলছেন, অতীতের মতো নতুন কর্মস্থলেও সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হতে পারে। তাদের মতে, সরকারি দপ্তরে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই কর্মচারীদের অন্যতম দায়িত্ব। তাই কোনো কর্মচারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকলে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়ার আগে সেসব অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।

 

দুদক ও আদালত থেকে জানা গেছে, শহিদুল ইসলাম ও তার স্ত্রী মোছা. কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুদক। শহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ে মামলা নম্বর ০৩/২০২৩ দায়ের করা হয়। পরে তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২০২৪ সালের ১ অক্টোবর মামলা নম্বর ০৬/২০২৪ দায়ের করা হয়।

 

মামলার কার্যক্রম চলাকালে শহিদুল ইসলাম ২০২৪ সালের ৩ জানুয়ারি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন (নম্বর ৩১০/২০২৪) দায়ের করেন। পরে ১৬ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইভাবে তার স্ত্রীও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। ফলে পৃথক দুটি মামলার তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে। তবে মামলাগুলোতে এখনো কোনো চূড়ান্ত বিচারিক সিদ্ধান্ত হয়নি।

 

এদিকে, শহিদুল ইসলামকে নিয়ে এর আগেও একাধিকবার সংবাদ প্রকাশি হয়েছে সংবাদমাধ্যমে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুদকের মামলা এবং মামলার তদন্তের অগ্রগতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বিষয়টি উঠে এসেছে।এর আগে ২০২০ সালেও তার সম্পদ ও বাড়ি নির্মাণ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

 

রাণীশংকৈলের স্থানীয় সাংবাদিক মোরাবক আলী, নাজমুল হোসেন ও জাহাঙ্গীর আলম বলেন, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে একসময় রাণীশংকৈলবাসীকে মিছিল, মিটিং, অভিযোগ ও মামলা-হামলার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আবারও এ উপজেলায় একই ধরনের অভিযোগে আলোচিত কোনো কর্মচারী দায়িত্ব নিতে এলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। যার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ও দুদকের মামলা রয়েছে, তাকে নতুন কর্মস্থলে পদায়নের আগে বিষয়গুলো বিবেচনা করা উচিত।

 

এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, শহিদুলের বিষয়টি আমি শুনেছি। এ ধরনের কর্মচারী অফিসে থাকলে চাকরি করা কঠিন হয়ে পড়বে। তবে বিষয়টি জেলা প্রশাসক স্যারকে আপনাদের মাধ্যমে জানালে ভালো হবে।

 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা থাকলে, সেটি সংশ্লিষ্ট নথিপত্রের ভিত্তিতে যাচাই করা হবে। তার বদলির আদেশটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখা হবে। সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ